April 2, 2026, 3:37 pm

সংবাদ শিরোনাম
বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী

ইংল্যান্ডের জয় ভিন্সের ঝড়ো ফিফটিতে

ইংল্যান্ডের জয় ভিন্সের ঝড়ো ফিফটিতে

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

জেমস ভিন্সের ঝড়ো ফিফটিতে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক নিউ জিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। ক্রাইস্টচার্চের হ্যাগলি পার্কে শুক্রবার ইংলিশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে খুব বড় সংগ্রহ গড়তে পারেনি নিউ জিল্যান্ড। ২০ ওভারে ৫ উইকেটে তোলে তারা ১৫২ রান।  ইংলিশরা লক্ষ্যে পৌঁছে যায় ৯ বল বাকি রেখে। সাবেক পেসার ক্রিস সিলভারউডের কোচিংয়ে ইংল্যান্ডের প্রথম ম্যাচ এটি। নতুন কোচের দলেও ছিল নতুনের ছড়াছড়ি।  টি-টোয়েন্টি অভিষেক হয় পেসার প্যাট ব্রাউন, দুই অলরাউন্ডার লুইস জর্জ ও স্যাম কারানের। জেসন রয় ও জস বাটলারের বিশ্রামে একাদশে সুযোগ পান দাভিদ মালান ও স্যাম বিলিংস। নিউ জিল্যান্ড দলেও চোটের কারণে ছিলেন না নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন ও পেসার ট্রেন্ট বোল্ট। টস হেরে ব্যাট করতে নামা স্বাগতিকরা শুরুতেই হারায় মার্টিন গাপটিলকে। দ্বিতীয় উইকেটে ৩৩ রান যোগ করেন কলিন মানরো ও টিম সাইফার্ট। ২০ বলে ২১ রান করে ক্রিস জর্ডানের বলে মর্গ্যানের হাতে ধরা পড়েন মানরো। তৃতীয় উইকেটে কলিন ডি গ্র্যান্ডহোমকে নিয়ে আরও ৩৩ রান যোগ করেন সাইফার্ট। অবশ্য রানের গতিতে দম দিতে পারেননি কেউই। অভিজ্ঞ রস টেইলর ৪৪ রান করতে খেলেন ৩৫ বল। শেষ দিকে ড্যারিল মিচেলের ১৭ বলে ৩০ রানের ইনিংসে দেড়শ পার করে তারা। ৪ ওভারে ২৮ রান খরচায় ২ উইকেট নিয়ে ইংল্যান্ডের সেরা বোলার জর্ডান। একটি করে উইকেট নেন আদিল রশিদ, স্যাম কারান ও ব্রাউন। রান তাড়ায় ইংল্যান্ডকে সাবধানী শুরু এনে দেন মালান ও জনি বেয়ারস্টো। বেয়ারস্টোকে তুলে নিয়ে ৩৭ রানের জুটি ভাঙেন মিচেল স্যান্টনার। ৩৭ রানের উদ্বোধনী জুটিতে বেয়ারস্টোর রান ছিল ২৮ বলে ৩৫। নিজের প্রথম বলে চার মেরে শুরু করেন তিনে নামা ভিন্স। ৩৩ বলে ৭ চার ও ১ ছক্কায় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের প্রথম ফিফটি তুলে নেন ডানহাতি এই ব্যাটসম্যান। অধিনায়ক মর্গ্যান অপরাজিত থাকেন ২১ বলে ৩৪ রানে। ৪ ওভারে ২৩ রান দিয়ে ৩ উইকেট নিয়ে নিউ জিল্যান্ডের সেরা বোলার স্যান্টনার। রোববার ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

সংক্ষিপ্ত স্কোর:

নিউ জিল্যান্ড: ২০ ওভারে ১৫৩/৫ (গাপটিল ২, মানরো ২১, সাইফার্ট ৩২, ডি গ্র্যান্ডহোম ১৯, টেইলর ৪৪, মিচেল ৩০*, স্যান্টনার ১*; স্যাম কারান ৪-০-৩৩-১, টম কারান ৪-১-২৫-০, জর্ডান ৪-০-২৮-২, রশিদ ৪-০-৩১-১, ব্রাউন ৪-০-৩৩-১)

ইংল্যান্ড: ১৮.৩ ওভারে ১৫৪/৩ (বেয়ারস্টো ৩৫, মালান ১১, ভিন্স ৫৯, মর্গ্যান ৩৪*, বিলিংস ১৪*; সাউদি ৩.৩-০-৩০-০, ফার্গুসন ৪-০-২৮-০, কুগেলাইন ৩-০-৩৫-০, স্যান্টনার ৪-০-২৩-৩, সোধি ৪-০-৩৮-০)

ফল: ইংল্যান্ড ৭ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: জেমস ভিন্স

Share Button

     এ জাতীয় আরো খবর