দিনাজপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী নিহত
মাসউদ রানা

দিনাজপুর সদর উপজেলার সীমান্ত এলাকায় বিএসএফ’র গুলিতে ১ বাংলাদেশী নিহত হয়েছেন। বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকে ভারতীয় পক্ষ নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। দিনাজপুর সদর কোতয়ালী থানার অফিসার্স ইনচার্জ রেদওয়ানুর রহিম জানান, গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় বিএসএফ’র গুলিতে নিহত মাদক বিক্রেতা দিনাজপুর সদর উপজেলার ১০নং কমলপুর ইউনিয়নের আটোর গ্রামের আবু তাহেরের পুত্র মোজাফ্ফর আলী (৩২) এর লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত সম্পন্ন করা হয়। ময়না তদন্ত শেষে বিকেল সাড়ে ৪টায় নিহতের লাশ দাফনের জন্য তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। দিনাজপুর ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল খন্দকার সাইফুল আলম জানান, গতকাল মঙ্গলবার ভোর ৬টায় দিনাজপুর সদর উপজেলার ১০নং কমলপুর ইউনিয়নের আটোর সীমান্তের ৩১৩ মেইন পিলারের ৩ সাব পিলারের কাছে বাংলাদেশী ৩২ বছর বয়স্ক মোজাফ্ফর আলীকে বিএফএফ গুলি বর্ষণ করলে তার লাশ সীমান্ত থেকে বাংলাদেশের ৮০ গজ অভ্যন্তরে পড়ে থাকে। বাংলাদেশী যুবক হত্যার প্রতিবাদে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ঘটনাস্থল দিনাজপুর সদর উপজেলার ২৯ বিজিবির অধিনস্থ বড়গ্রাম বিওপি ক্যাম্পের জিরো পয়েন্টে বিজিবি এবং বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিবির ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল খন্দকার সাইফুল আলম ও বিএসএফ’র রায়গঞ্জ ৪১ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক উমেশ্বর রায় পতাকা বৈঠকে নেতৃত্ব দেন। বিজিবির লিখিত প্রতিবাদের প্রেক্ষিতে বিএসএফ হত্যাকান্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করেন। পতাকা বৈঠকের পর নিহত মোজাফ্ফরের লাশ কোতয়ালী পুলিশের এসআই মোস্তাফিজুর রহমানের কাছে সোপর্দ করা হয়। এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে বিকেলে সাড়ে ৪টায় তার লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হয়। এঘটনায় কোতয়ালী থানায় জিডি দায়ের করা হয়েছে।