জাতীয় আয়কর দিবস আজ
ডিটেকটিভ নিউজ ডেস্ক

জাতীয় আয়কর দিবস আজ বৃহস্পতিবার। ‘সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর’ প্রতিপাদ্য নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সারাদেশে জাঁকজমকপূর্ণভাবে দিবসটি উদযাপনের কর্মসূচি নিয়েছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন। বৃহস্পতিবার সকালে রাজধানীর কাকরাইল রাজস্ব ভবন থেকে আয়কর দিবসের শোভাযাত্রা বের হবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এর উদ্বোধন করবেন। এ সময় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এবং এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান উপস্থিত থাকবেন। র্যালিতে রাজস্ব কর্মকর্তারা ছাড়াও সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গণের জাতীয় পর্যায়ের সেলিব্রেটি, আয়কর আইনজীবী, সংবাদকর্মীসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করবেন। এনবিআরের সিনিয়র তথ্য কর্মকর্তা সৈয়দ এ মু’মেন জানান, সকাল ৭টায় রাজস্ব ভবন প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হবে।কর বিষয়ক সচেতনতা বাড়াতে ওই র্যালিতে বিভিন্ন শ্লোগানসম্বলিত প্ল্যাকার্ড, ফেস্টুন,ব্যানার,পোস্টার প্রদর্শন করা হবে। বিভাগীয় শহরগুলোতেও র্যালির আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, দেশে রাজস্ববান্ধব সংস্কৃতি গড়ার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের বিভিন্ন উদ্ভাবনমূলক কর্মসূচি তৃণমূল পর্যন্ত বিস্তৃত হয়েছে। করদাতাদের প্রত্যাশা অনুযায়ী এক ছাদের নীচে করসেবা প্রদানের মাধ্যমে চলতি মাসের প্রথম সপ্তাহে পালিত হয়েছে সপ্তাহব্যাপী আয়কর মেলা। ভবিষ্যৎ করদাতাগণও আয়কর মেলায় করশিক্ষণ ফোরামের মাধ্যমে দেশের রাজস্ব ব্যবস্থাপনা সম্পর্কে প্রাথমিক জ্ঞান অর্জন করতে পারছেন। আয়কর মেলা এবছরের মতো শেষ হলেও ১২ই নভেম্বর থেকে প্রতিটি আয়কর অফিসে আয়কর মেলার পরিবেশে আয়কর রিটার্ন গ্রহণ ও অন্যান্য করসেবা প্রদান করা হচ্ছে। এ ছাড়া ২৪-৩০ নভেম্বর সারাদেশে সকল করঅঞ্চলে পালিত হচ্ছে আয়কর সপ্তাহ। সেখানে মেলার পরিবেশে মেলার মতই সকল করসেবা এবং করদাতাগণকে ইনকাম ট্যাক্স আইডি কার্ড প্রদান করা হচ্ছে। আয়কর দেশের উন্নয়নে কিভাবে ব্যবহৃত হচ্ছে তা সাধারণ মানুষকে জানানোর জন্য এবার এনবিআর মেগা প্রকল্প, বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য বিলবোর্ডের মাধ্যমে তুলে ধরেছে। এবার ১৪১ জন দীর্ঘমেয়াদি করদাতাসহ সারাদেশে ৫১৭ জন সর্বোচ্চ করদাতাকে সম্মাননা ও ট্যাক্স কার্ড প্রদান করা হয়েছে। প্রথমবারের মতো একই পরিবারের দীর্ঘসময় ধরে করপ্রদানকারী ৮৪ পরিবারকে ‘কর বাহাদুর পরিবার’ সম্মাননা প্রদান করা হয়। এ ছাড়া করদাতাদের সহযোগিতায় এবং করনেট সম্প্রসারণের লক্ষ্যে সারাদেশে ৭ হাজার ২৯৯ জন ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার নিয়োগ দিয়েছে এনবিআর।