জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩ ছাত্রীর বিরুদ্ধে ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগ
ডিটেকটিভ নিউজ ডেস্ক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) তিন ছাত্রীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনেছেন এক ছাত্র। গতকাল সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও বিভাগীয় সভাপতির কাছে আলাদা লিখিত অভিযোগ করেছেন ওই ছাত্র। ওই তিন ছাত্রী ও অভিযোগকারী ছাত্র বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে অধ্যয়নরত। এ ছাড়া এ ঘটনায় একই বিভাগের আশিক ও অর্থো নামের দুই ছাত্রের বিরুদ্ধে ওই তিন ছাত্রীকে সহযোগিতা করার অভিযোগও তুলেছেন অভিযোগকারী ছাত্র। অভিযোগে বলা হয়, গত ২২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের পেছনের নির্জন জায়গায় তিন ছাত্রী ওই ছাত্রকে নিয়ে যান। সেখানে গিয়ে আপত্তিজনকভাবে ওই ছাত্রের শরীরের বিভিন্ন জায়গায় স্পর্শ করেন এবং অশ্লীল কথাবার্তার মাধ্যমে তাঁকে যৌন নির্যাতন করেন। এরপর তাঁকে হত্যার হুমকি দেন ওই তিন ছাত্রী। তবে অর্থো নামের এক ছাত্র বলেন, যৌন নিপীড়নের ঘটনা ঘটেনি। ওই ছাত্র সিনিয়রদের সঙ্গে দুর্ব্যবহার করায় তাঁকে শাসন করা হয়েছে। এ বিষয়ে বক্তব্য জানতে ওই তিন ছাত্রীর মুঠোফোন নম্বরে কল দেওয়া হলে সেগুলো বন্ধ পাওয়া গেছে। এ বিষয়ে চারুকলা বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক ময়েজ উদ্দিন বলেন, ঘটনাটি শুনেছি। ক্যাম্পাসের বাইরে থাকায় খতিয়ে দেখতে পারিনি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, ওই ছেলের সঙ্গে ফোনে কথা হয়েছে আমার। সে মারধরের কথা জানিয়েছে। যৌন নিপীড়নের কথা বলেনি। চারুকলার চেয়ারম্যানকে আমি বিষয়টা জানিয়েছি। এটা তারা বিভাগেই সলভ (সমাধান) করবে। অভিযোগে ওই ছাত্র উল্লেখ করেন, ‘গত ২২-১১-২০১৭ তারিখে কতিপয় দুষ্কৃতকারী আমার ও আমার দুজন বন্ধুর ওপর অমানুষিক নির্যাতন করে।’