ডিটেকটিভ নিউজ ডেস্ক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বিদ্যুতের খুঁটিবাহী বিকল ট্রাকের সঙ্গে সংঘর্ষে একটি ট্রেনের সহকারী চালকের মৃত্যু হয়েছে; এ দুর্ঘটনায় আহত হয়েছেন ট্রেনের চালকসহ আরও অন্তত ১৫ জন।
জয়দেবপুর রেলওয়ে জংশনের মাস্টার মো. শাহজাহান মিয়া জানান, গত বৃহস্পতিবার রাত ২টায় উপজেলার বক্তারপুর রেলক্রসিংয়ে উত্তরবঙ্গগামী লালমনি এক্সপ্রেস এই দুর্ঘটনায় পড়ে।
নিহত সহকারী চালক নূর আলম শরীফ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার শশা গ্রামের মমিন শরীফের ছেলে। দুর্ঘটনার পর থেকে সকাল পৌনে ৮টা পর্য্ন্ত ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ থাকে বলে জানান রেল কর্মকর্তা শাহজাহান মিয়া।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের গুদাম পরিদর্শক ইব্রাহিম চৌধুরী বলেন, রেলক্রসিংয়ে রয়েল গ্রুপের একটি ট্রাক বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি এসে ট্রাককে ধাক্কা দিলে ট্রেনের সহকারী চালক নূর আলম ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনায় ট্রেনটির চালকসহ ১৫ ট্রেনযাত্রী আহত হলে তাদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বলে তিনি জানান।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. রাকিবুল ইসলাম বলেন, গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে দুর্ঘটনায় পড়া ট্রেনটি উদ্ধার করার পর আবার ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমের রেল যোগাযোগ শুরু হয়।