মিতু হত্যার অন্যতম আসামি সাক্কু জামিনে মুক্ত
ডিটেকটিভ নিউজ ডেস্ক

সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যা মামলার অন্যতম আসামি সাইদুল আলম শিকদার ওরফে সাক্কু চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে ছাড়া পেয়েছেন। উচ্চ আদালতের জামিনের আদেশ আসার পর গত সোমবার সন্ধ্যায় সাক্কুকে কারাগার থেকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মুজিবর রহমান। তিনি বলেন, উচ্চ আদালতের জামিনের আদেশ কারাগারে আসার পর তা যাচাই বাছাই করে সাইদুলকে ছাড়া হয়েছে। গত বছরের ৫ জুন সকালে নগরীর জিইসি মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার পথে বাসার অদূরে খুন হন বাবুলের স্ত্রী মাহমুদা আক্তার মিতু। সে সময় পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়ে পুলিশ সদর দপ্তরে যোগ দিয়ে ঢাকায় ছিলেন বাবুল। চট্টগ্রামে জঙ্গি দমন অভিযানের জন্য আলোচিত বাবুল চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনারের দায়িত্ব থেকে পদোন্নতি পেয়ে পুলিশ সদর দপ্তরে যোগ দেওয়ার কয়েক দিনের মাথায় খুন হন তার স্ত্রী মিতু। মোটরসাইকেলে করে আসা কয়েকজন বন্দরনগরীর ওআর নিজাম রোডের বাসার কয়েকশ গজ দূরে ছেলের সামনে তাকে প্রথমে ছুরি মারে ও পরে গুলি করে হত্যা করে। হত্যাকা-ের পর নগরীর পাঁচলাইশ থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা করেন বাবুল আক্তার। চট্টগ্রামে জঙ্গিবিরোধী অভিযানে বাবুল আক্তারের সম্পৃক্ততাও মিতু হত্যাকা-ের সম্ভাব্য কারণ হতে পারে ধরে নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। তবে অল্প দিনেই সে ধারণা থেকে সরে আসেন তদন্তকারীরা। এ ঘটনায় পুলিশ গত বছরের এক জুলাই সাইদুল আলম শিকদার ওরফে সাক্কুকে গ্রেফতারের কথা জানায়; যিনি হত্যাকা-ে ব্যবহৃত মোটর সাইকেল সরবরাহ করেছিল বলে পুলিশের দাবি। মিতু হত্যাকা-ে অন্যতম সন্দেহভাজন কামরুল ইসলাম শিকদার ওরফে মুসার বড় ভাই সাক্কু।