বর্তমানে ভোটার সংখ্যা ১০ কোটি ৪০ লাখ ৫১ হাজার ৮৮৩: আইনমন্ত্রী
ডিটেকটিভ নিউজ ডেস্ক

খসড়া ভোটার তালিকা অনুযায়ী দেশে বর্তমানে ভোটার সংখ্যা ১০ কোটি ৪০ লাখ ৫১ হাজার ৮৮৩। গতকাল সোমবার সংসদে সরকারি দলের সদস্য নিজাম উদ্দিন হাজারীর লিখিত প্রশ্নের জবাবে সংসদ কার্যে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এ তথ্য জানান। মন্ত্রী বলেন, চলতি বছরের ২ জানুয়ারি প্রকাশিত খসড়া ভোটার তালিকা অনুযায়ী দেশে নতুন ভোটার সংখ্যা ৩৩ লাখ ৩২ হাজার ৫৯৩। এদিকে, সংসদে সরকারি দলের সদস্য আনোয়ারুল আজিম (আনার) এর তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিগত ৮ বছরে ২১ লাখ ৮ হাজার ৩৯৪ জনকে প্রশিক্ষণ প্রদান করে ৫ লাখ ৭৬ হাজার ৪৯৬ জনকে আত্মকর্মসংস্থানে নিয়োজিত করা হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, সরকার দেশের যুব সমাজকে জনশক্তিতে রূপান্তরের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে। যুব উন্নয়ন অধিদপ্তর বেকার যুবদের চাহিদা মোতাবেক প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের মাধ্যমে মোট ৭৭টি ট্রেডে দেশব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। তিনি বলেন, জাতীয় উন্নয়নে শিক্ষিত বেকার যুব সমাজকে সম্পৃক্ত করে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার ২০০৯-২০১০ অর্থবছর থেকে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এ কর্মসূচির আওতায় ২৪ থেকে ৩৫ বছর বয়সী এবং উচ্চমাধ্যমিকও তদূর্ধ্ব শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন বেকার যুব ও যুব মহিলাকে ১০টি সুনির্দিষ্ট মডিউলে ৩ মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণ প্রদানের পর জাঁতি গঠনমূলক কর্মকা-ে সম্পৃক্ত করার মাধ্যমে অস্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়।