বাংলাদেশকে একটি সম্ভাবনাময় দেশ করেছেন শেখ হাসিনা: স্বরাষ্ট্রমন্ত্রী
ডিটেকটিভ নিউজ ডেস্ক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, শতপ্রতিকুলতা কাটিয়ে বাংলাদেশকে সম্ভাবনাময় দেশে রূপান্তরিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। গতকাল শনিবার নরসিংদীর শিবপুর উপজেলার লাখপুর শিমুলিয়া উচ্চবিদ্যালয়ের শতবর্ষ পূতি উদযাপন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শতবর্ষ পুর্তি উদযাপন পরিষদের আহ্বায়ক মুহসীন নাজিরের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন ও সিরাজুল ইসলাম মোল্লা, নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মতিন ভূঁইয়া, পুলিশ সুপার আমেনা বেগম। আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বের কারনেই বাংলাদেশ এখন সম্ভাবনাময় দেশ। এ সম্ভাবনাকে আমাদের বাস্তবে রূপ দিয়ে দেশের আরো উন্নয়ন করতে হবে। তিনি বলেন, আমাদের দেশের মানুষ ধর্মভীরু কিন্তু ধর্মান্ধ নয়। সেজন্যই দেশ থেকে জঙ্গিবাদ সমূলে উৎপাটন করতে না পারলেও নিয়ন্ত্রণ করতে পেরেছি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনা যতদিন বাংলাদেশের হাল ধরে আছেন, ততদিন দেশের অগ্রগতি কেউ রুখতে পারবে না। যত ষড়যন্ত্র আসুক যত বাধা আসুক বাংলাদেশ এগিয়ে যাবেই। বর্তমান সরকারের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।