দশম সংসদের শেষ বছরের প্রথম অধিবেশন শুরু
ডিটেকটিভ নিউজ ডেস্ক

শুরু হলে দশম জাতীয় সংসদের উনবিংশতম অধিবেশন। বর্তমান সংসদের শেষ বছরের এটাই প্রথম অধিবেশন। গতকাল রোববার বিকাল ৪টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। এই অধিবেশন ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চালানোর সিদ্ধান্ত হয়েছে। অধিবেশনের শুরুতে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সকলকে স্বাগত এবং ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানান।
বছরের প্রথম অধিবেশনে সংবিধানের নিয়ম অনুযায়ী সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পরে পুরো অধিবেশন জুড়েই রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা করবেন সংসদ সদস্যরা। সাধারণত বছরের শুরুর অধিবেশন দীর্ঘ হয়।
গত বছর এই অধিবেশন চলেছিল ৩২ কার্যদিবস। আর ওই অধিবেশনেই ৬৪ ঘণ্টারও বেশি সময় ধরে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা হয়, যা দেশের সংসদীয় ইতিহাসে রেকর্ড।
এই মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে আবদুল হামিদের বছরের শুরু অধিবেশনে গতকাল রোববারই শেষ ভাষণ।
অধিবেশর শুরুর পর স্পিকার শিরীন শারমিন চৌধুরী চলতি অধিবেশনের সভাপতিমণ্ডলী মনোনয়ন দেন।
স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে অগ্রবর্তীজন সংসদ পরিচালনা করবেন।
সংসদের চলমান অধিবেশনে সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন- ফারুক খান, পঞ্চানন বিশ্বাস, বিএম মোজাম্মেল হক, ফখরুল ইমাম, সৈয়দা সায়েরা মহসীন।
এরপর স্পিকার বর্তমান সংসদের সংসদ সদস্য ও মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক, সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদ, সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী, সাবেক গণপরিষদ সদস্য ফজলুর রহমান ভূইয়া, সাবেক সংসদ সদস্য মো. জয়নাল আবেদীন সরকার, কাজী নুরুজ্জামান, গাজী আতাউর রহমান, চট্টগ্রামের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, ঢাকা উত্তরের মেয়র আনিসুল হকের মৃত্যুতে শোক প্রস্তাব উস্থাপন করেন।
এ ছাড়া ভাষাসংগ্রামী মহম্মদ তকীয়ুল্লাহ জয়নাল আবেদীন, দলিল উদ্দিন, বিজ্ঞানী আবদুল লতিফ, সংগীতশিল্পী বারী সিদ্দিকী, নৃত্যশিল্পী রাহিজা খানম ঝুনু, ওয়ালটন গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলামের মৃত্যুতেও শোক প্রকাশ করা হয়।
এছাড়া ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্পে, মিসরে মসজিদে বোমা হামলায়, ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে এবং দেশে বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রকাশ করে সংসদ।
সংসদের রেওয়াজ অনুযায়ী চলমান সংসদের কোনো সদস্যের মৃত্যুতে তার জীবন ও কাজের উপর আলোচনা করা হয়। পরে অধিবেশন মুলতবি হয়।
তবে রাষ্ট্রপতির ভাষণের সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য অধিবেশন কিছু সময়ের জন্য বিরতি রাখা হবে বলে জানান স্পিকার শিরীন শারমিন।
অধিবেশন শুরুর পর সংসদ সদস্যরা ছায়েদুল হক ও গোলাম মোস্তফা আহমেদের জীবনের উপর আলোচনা করেন।
পরে মৃতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।
সংসদের এই অধিবেশন আগামি ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নিয়েছে সংসদের কার্য-উপদেষ্টা কমিটি। অধিবেশন শুরুর আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
সংসদ সচিবালয়ে থেকে জানানো হয়, প্রতিদিন বিকাল সাড়ে ৪টা থেকে সংসদের বৈঠক বসবে। রাষ্ট্রপতির ভাষণের উপর ৪৫ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে প্রয়োজনে অধিবেশনের সময়সীমা স্পিকার বাড়াতে বা কমাতে পারবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়।
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে অংশ নেন।