২১ আগস্ট গ্রেনেড হামলা: আসামিপক্ষের যুক্তিতর্ক শুরু
ডিটেকটিভ নিউজ ডেস্ক

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আসামিপক্ষের যুক্তি তর্ক শুরু হয়েছে। ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালতে এ যুক্তিতর্ক শুরু হয়। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১২টা থেকে শুরু হওয়া যুক্তিতর্ক চলে দুপুর আড়াইটা পর্যন্ত।
শুরুতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাড. সৈয়দ রেজাউর রহমান আদালতকে ধন্যবাদ জানান। এরপর রাষ্ট্রপক্ষের অপর আইনজীবী অ্যাড. মোশাররফ হোসেন কাজল বক্তব্য উপস্থাপন করেন। তিনি আদালতকে জানান, বঙ্গবন্ধুর পরিবারকে নিশ্চিহ্ন করতে যে ষড়যন্ত্র হয়েছে সেসব তথ্য তারা আদালতকে দেবেন। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার প্রেক্ষাপটসহ এ ঘটনার বিভিন্ন দিক আদালতে তুলে ধরেন তিনি।
এদিকে, আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট চৈতন্য চন্দ্র হালদার এ মামলার পলাতক আসামি হানিফ পরিবহনের মালিক মো. হানিফের পক্ষে প্রায় দেড় ঘণ্টা যুক্তিতর্ক উপস্থাপন করেন।
যুক্তিতর্ক শেষে আজ বুধবার বেলা ১১টা পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করা হয়। আজ আবারও আসামিপক্ষের অন্য আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন করবেন।
এ দিকে, যুক্তিতর্ক শেষে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সানা উল্লাহ মিয়া সাংবাদিকদের বলেন, ‘সাবেক মন্ত্রী আবদুস সালাম পিন্টুর ধানমন্ডির বাসায় এবং তারেক রহমানের রাজনৈতিক কার্যালয় গুলশানের হাওয়া ভবনে যে ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে সেটা সত্য নয়। আদালতে যদি ন্যায় বিচার নিশ্চিত হয় তাহলে তারেক রহমান খালাস পাবেন।’
তিনি দাবি করেন, হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানের যে জবানবন্দি নেওয়া হয় সেটা ভয়-ভীতি দেখিয়ে নেওয়া হয়েছে। তিনি দ্বিতীয়বার জবানবন্দিতে তারেক রহমানের নাম বলেন। আদালতে দ্বিতীয় দফা জবানবন্দি দেওয়ার কোনও নজির এদেশে নাই। সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে ৬১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহনের পর তারেকসহ ৩০ জনকে এ মামলায় আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।