পাবনা সদর প্রতিনিধিঃ
পাবনায় প্রকাশ্যে দিবালোকে ফিল্মি স্টাইলে ২ জনকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্যরা। রবিবার (২৪ জুন) সন্ধা সাড়ে ৬ টার সময় জেলার আতাইকুলা থানার সন্ত্রাস কবলিত ভুলবাড়িয়া ইউনিয়নের তেবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে।
প্রকাশ্যে ২ জনকে হত্যা করে ফিল্মি স্টাইলে গুলি ও বোমা ফাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে বীর দর্পে চলে যায় দুবৃত্তরা। নিহতেরা হলেন তেবাড়িয়া ইউনিয়নের দবির উদ্দিনের ছেলে সাবেক সেনা সদস্য আ. গফুর (৫৫) ও গয়েজ বাড়ি গ্রামের ময়েজ আলীর ছেলে ব্যবসায়ী ইদ্রিস আলী।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসিরা জানান, রবিবার সন্ধা সাড়ে ৬ টার সময় পরিকল্পিতভাবে তেবাড়িয়া বাজারের দুদিক থেকে একদল হোন্ডারোহী হেলমেট ও মুখোশ ধারী দুর্বৃত্তরা ইদ্রিস আলীর মুদী দোকানে আক্রমন চালায়। এ সময় দোকানে বসে থাকা সাবেক সেনা সদস্য গফুর ও মুদী দোকানি ইদ্রিস আলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। পরে তারা গুলি করে ও বোমা ফাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে চলে যায়। এ সময় ভয়ে আতঙ্কিত হয়ে দোকানিরা দিকবিদিক ছুটাছুটি শুরু করে। মুহুর্তের মধ্যে সকল দোকান পাট বন্ধ হয়ে যায়। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্খলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আতাইকুলা থানার ওসি মাসুদ রানা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্খল থেকে লাশ উন্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকান্ডের ক্লু উদঘাটনের চেষ্টা চলছে। তবে কে কারা এ ঘটনা ঘটিয়েছে তিনি এ ব্যাপারে কিছু বলতে পারেনি।
প্রাইভেট ডিটেকটিভ/২৪জুন ২০১৮/ইকবাল