প্রাইভেট ডিটেকটিভ ডেস্কঃ
দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত এবং ২৭ জন আহত হয়েছে। প্রাইভেট ডিটেকটিভ পত্রিকার প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
নান্দাইল (ময়মনসিংহ): নান্দাইলে হাইওয়ে পুলিশের বাধায় এক যাত্রীবাহী বাস খাদে পড়ে দুইজন নিহত ও আহত ২৫। নিহতরা হলেন, বালুয়াকান্দা গ্রামের সৈয়দ মিয়ার কলেজ পড়ুয়া পুত্র জাহাঙ্গীর (২২) ও এক শিশু (৯)। ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের আমলীতলা মুশুলী নামক স্থানে নেত্রকোনা-চট্টগ্রামগামী ট্রাভেলস যাত্রী নিয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনাটি ঘটে। অন্যান্য যাত্রীদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত কিশোরগঞ্জ সদর ও নান্দাইল হাসপাতালে প্রেরণ করা হয়।
ভূঞাপুর (টাঙ্গাইল): ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু সড়কের স্থলকাশি এলাকায় বালুর ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে মোটরসাইকেলে থাকা আরো দুইজন। আহতদের টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত জীবন মণ্ডল (১৫) উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কুকাদাইর গ্রামের সঞ্জাব আলীর ছেলে।
কেশবপুর (যশোর): রবিবার রাতে কেশবপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছে। এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, রাতে উপজেলার নেপাকাটি গ্রামের কোবাদ আলীর ছেলে শফিকুল ইসলাম (৪২) রাস্তা পার হওয়ার সময় একটি বালু ভর্তি কলাগাছিমুখি দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধারসহ ঘাতক ট্রাকটি আটক করেছে।
নালিতাবাড়ী (শেরপুর): নালিতাবাড়ী উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষার্থী মাহেরুল ইসলাম মাসুম (২১) মৃত্যুর সাথে লড়ে অবশেষে মারা গেছেন। সোমবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শিক্ষার্থী পৌরসভার ছিটপাড়া মহল্লার আমিরুল ইসলাম আমিনের ছেলে ও শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) শিক্ষার্থী।
প্রাইভেট ডিটেকটিভ/৬মার্চ২০১৮/ইকবাল