-
- আঞ্চলিক সংবাদ, খুলনা, জাতীয়, সারাদেশে
- মোংলায় হঠাৎ জেঁকে বসা প্রচন্ড শীতে চরম বেকায়দায় পড়েছেন সাধারণ খেটে খাওয়া দিনমজুরেরা
- আপডেট সময় January, 5, 2023, 5:08 pm
- 304 বার পড়া হয়েছে
বায়জিদ হোসেন, মোংলা:
মোংলায় মেঘলা আকাশ, কুয়াশা ও বাতাসে কনকনে শীত জেঁকে বসেছে। বুধবার সকাল থেকে মোংলা বন্দরসহ সংলগ্ন উপকূলীয় এলাকা জুড়ে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, ফলে সূর্যেরও দেখা নেই। সেই সাথে কুয়াশা ও বাতাসে শীতের প্রকোপ বেড়েছে। শীতে এখানকার জনজীবন জুবুথুবু হয়ে পড়েছে। কুয়াশায় মোংলার মহাসড়কে যানবাহন ও বন্দরের পশুর চ্যানেলে নৌযান চলাচল ও পণ্য পরিবহণ বিঘ্নিত হচ্ছে। কুয়াশায় নদী ও সড়ক পথে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এদিকে হঠাৎ জেঁকে বসা প্রচন্ড শীতে চরম বেকায়দায় পড়েছেন সাধারণ খেটে খাওয়া দিনমজুরেরা। কুয়াশার নদীতে নৌযান চলাচলে দুর্ঘটনার ঝুঁকির আশংকায় পর্যটনবাহী লঞ্চ, জালিবোট ও ট্রলারগুলো ঘাটে অলস বেঁধে রেখেছেন ব্যবসায়ীরা। এতে ক্ষতির সম্মুখীন পর্যটন শিল্পও। পর্যটনবাহী জালিবোট চালক ফাহিম বলেন, কুয়াশায় বিভিন্ন জায়গা থেকে গাড়ী (বাস) আসতে পারছেনা, ফলে পর্যটকও নেই। এছাড়া নদীতে কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না, নদীতে গেলে দুর্ঘটনার ঝুঁকি রয়েছে তাই আমরা ঘাটে বোট রেখে অলস বসে আছি। মুলত মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করায় আকাশ মেঘলার পাশাপাশি কুয়াশা ও বাতাসে শীতের প্রকোপ বেড়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ বলেন, হঠাৎ করে শীতের প্রকোপ বেড়েছে। তাই শীতার্তদের মাঝে নতুন করে শীতবস্ত্র বিতরণ করা হবে। এদিকে অতিরিক্ত শীতের কারণে মোংলা উপজেলায় শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে অনেকে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা সর্দি-কাশি ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন। অনেকে হাসপাতালে ভর্তি হলেও কেউ কেউ বহির্বিভাগে চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরছেন। আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, আগামী ৭ জানুয়ারি পর্যন্ত পরিস্থিতির উন্নতির কোনো আভাস নেই। তবে এরপরে ঘন কুয়াশা কাটতে পারে। আর কুয়াশা কাটলেই সূর্যের দেখা মিলবে।
এ জাতীয় আরো খবর