এইচ এম জসিম উদ্দিন,মোরেললগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে ধান কাঁটা, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্ধি করার আধুনিক ‘কম্বাইন হার্ভেস্টার’ মেশিন ও কৃষি যন্ত্রপাতি হস্তান্তরসহ বিনামূল্যে সার বীজ বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল ১১ টায় বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মো. আমিরুল আলম মিলন চাবি প্রদানের মাধ্যমে এ ‘কম্বাইন হার্ভেস্টার’ মেশিন হস্তান্তর ও সার বীজ বিতরণ করেন। সরকারের কৃষি যন্ত্রপাতি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান, ভাইস-চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস-চেয়ারম্যান ফাহিমা খানম। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা কৃষি অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার দিপক কুমার রায়, উপজেলা কৃষি অফিসার রেহেনা পারভীন, কৃষি সম্প্রসারণ অফিসার সিফাত আল মারুফ।
জাতীয় সংসদ সদস্য এ্যাডভোকেট মো. আমিরুল আলম মিলন বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের প্রতি যথেষ্ট আন্তরিক। কৃষি বান্ধব এ সরকার ভর্তুকি দিয়ে কৃষকদের সার,বীজ,কৃষি যন্ত্রপাতি প্রদান করে আসছে। প্রধানমন্ত্রী বলেছেন, দেশের এক ইঞ্চি জমিও পতিত রাখা যাবেনা। তাই সকলকে এ ব্যাপারে আন্তরিক হতে হবে। ”
জেলা প্রশিক্ষণ অফিসার দিপক কুমার রায় বলেন, ‘কম্বাইন হার্ভেস্টার’মেশিন ৩ লিটার তেলে, ১ ঘন্টায় ১বিঘা জমির ধান কাঁটা, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্ধি করা সম্ভব। শতকরা ৫০ ভাগ ভর্তুকি দিয়ে সরকার এ মেশিন কৃষকদের মাঝে বিতরণ করছে। এছাড়াও পতিত জমির সর্বোত্তম ব্যাহারের জন্য সবজি বীজ, সার, আউশ ও বোরো বীজ বিতরণ করা হয়েছে।
প্রাইভেট ডিটেকটিভ/ ২ মে ২০২০/ইকবাল