মোঃ আব্দুল্লাহ আল শামীম,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ সদরে আলোচিত কলেজ ছাত্র সোহেল তালুকদার হত্যা মামলার পলাতক তিন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
সিরাজগঞ্জ সদরে আলোচিত কলেজ ছাত্র সোহেল তালুকদার (২৮) হত্যা মামলার পলাতক তিন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন ,সিরাজ গঞ্জ সদর উপজেলার কান্দাপাড়া গ্রামের নিহতের চাচা মুক্তাল তালুকদারের ছেলে মোশারফ হোসেন তালুকদার ওরফে মোহন তালুকদার (৭০) এবং নিহতের চাচাতো ভাই এবং মোশারফ হোসেন তালুকদার ওরফে মোহন তালুকদারের দুই ছেলে ইউসুফ রেজা ওরফে আলো (২৮) ও মো. আল আমিন (৩৩)।সিরাজগঞ্জ সদর থানার এস.আই ও মামলার তদন্তকারি কর্মকর্তা আবু জাফর বলেন,গত ০৭ জানুয়ারি ২০২০ ইং তারিখ মঙ্গলবার ঢাকার নবীনগর এলাকায় থেকে পলাতক ওই তিন আসামীকে গ্রেপ্তার করা হয়।গত ০৮ জানুয়ারি ২০২০ ইং তারিখ বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।জিজ্ঞাসাবাদের জন্য তাদের প্রত্যেকের বিরুদ্ধে আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করা হলেও শুনানী হয়নি। প্রসঙ্গত, জমি সংক্রান্ত বিরোধের জেরধরে ২০১৯ সালের ২৩ আগস্ট সকালে কান্দাপাড়া গ্রামের মোতালেব তালুকদারের বাড়িতে হামলা ও ভাংচুর চালায় তারই আপন ভাই মোহন তালুকদার ও তার স্বজনরা। এ সময় মারপিটে মোতালেব তালুকদার ও তার ছেলে সোহেল আহত হয়।গুরুতর আহত সোহেলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন সন্ধ্যায় তার মৃত্যু হয়।এ ঘটনায় নিহতের মা শিউলি বেগম বাদী হয়ে থানায় ১৪ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। এ নিয়ে এ মামলায় মোট ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা সবাই জেলহাজতে রয়েছে।
প্রাইভেট ডিটেকটিভ/১১ জানুয়ারি ২০২০/ইকবাল