সারাদেশে শীতের অনুভূতি কিছুটা বাড়তে পারে
ডিটেকটিভ নিউজ ডেস্ক

সারাদেশের রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। ফলে সারাদেশে শীতের অনুভূতি কিছুটা বাড়তে পারে বলে গতকাল শনিবার আবহাওয়াবিদ আবদুর রহমান খান জানিয়েছেন। এছাড়া দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। গতকাল শনিবার সকাল ৯টা থেকে পরবর্তি ২৪ ঘন্টায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পাশাপাশি, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। গতকাল শনিবার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৯২ শতাংশ। গতকাল শনিবার ঢাকায় সূর্যাস্ত যায় সন্ধ্যা ৫টা ১৭ মিনিটে এবং রোববার সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৮ মিনিটে। আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ ভারতের বিহার ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।