ফিলিপাইনে বন্যা, ভূমিধসে নিহত১৩৩
ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাওয়ে গত কয়েক দিনের মৌসুমি ঝড়ে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১৩৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। নিখোঁজ রয়েছেন কমপক্ষে কয়েক ডজন মানুষ। গতকাল শনিবার দেশটির পুলিশ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। স্থানীয় টানবড শহরের কর্মকর্তা রায়ান চাবুস বলেন, ভূমিধসে একটি চাষাবাদের গ্রাম তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ওই খবরের সত্যতা যাচাইয়ে আমরা কাজ করছি। জরুরি ব্যবস্থাপনা কর্মকর্তারা এরইমধ্যে ঘটনাস্থলের পথে যাত্রা করেছেন। কিন্তু বিদ্যুৎ সংযোগ ও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় উদ্ধার তৎপরতা কঠিন হয়ে পড়েছে। উদ্ভূত পরিস্থিতি সামলাতে জরুরি কর্মী, সেনাসদস্য, পুলিশ সদস্য ও স্বেচ্ছাসেবীদের জড়ো করা হয়েছে। তারা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। ভূমিধসের ধ্বংসস্তূপগুলো পরিষ্কার করা হচ্ছে। বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা স্থাপনে কাজ করছে কর্তৃপক্ষ। ভৌগোলিকভাবে ফিলিপাইন দুর্যোগপ্রবণ অঞ্চলে অবস্থিত। দেশটিতে প্রতিবছর গড়ে ২০ ঝড় আঘাত হানে। এসব ঝড় দরিদ্র এলাকাগুলোতে প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ বয়ে নিয়ে আসে। গত সপ্তাহেই ঝড়ের তা-বে দেশটির মধ্যাঞ্চলে ৪৬ জনের মৃত্যু হয়। ২০১৩ সালে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় হাইয়ানের তা-বে ফিলিপাইনে প্রায় আট হাজার মানুষের মৃত্যু হয়। গৃহহীন হন প্রায় দুই লাখ পরিবারের সদস্যরা।