পুলিশ কর্মকর্তাদের অপসারনের দাবিতে বেনাপোল কাস্টম হাউসে মানব বন্ধন ও কর্মবিরতি পালন করেছে কাস্টম কর্মকর্তারা
বেনাপোল থেকে এনামুল হক

বেনাপোলে চেকপোস্ট আন্তর্জাতিক কাস্টমস-ইমিগ্রেশন ভবনে কাস্টমস ও পুলিশ সদস্যদের মধ্যে হাতাহাতি ও ভবন ভাংচুরের ঘটনায় পুলিশ কর্মকর্তাদের অপসারনের দাবিতে রোববার সকালে সারা দেশের ন্যায় বেনাপোল কাস্টম হাউসে মুখে কালো কাপড় বেধে মানব বন্ধন কর্মসুচি পালনসহ সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত কর্মবিরতি পালন করেছেন কাস্টমস কর্মকর্তা ও কর্মচারীরা। এ ঘটনায় সকাল থেকে ১১ টা পর্যন্ত বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানিসহ কাস্টমসের সকল কার্যক্রম বন্ধ থাকে।
বেনাপোল কাস্টমস অফিসার এ্যাসোসিয়েশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাঙ্গালী বলেন, সরকারী অফিস ভাংচুর ও কাস্টমস অফিসারদের ওপর হামলার ঘটনায় জড়িত ওসি ওমর শরীফসহ ৫ জন পুলিশের অপসারনের দাবিতে রবিবার সারা দেশে কাস্টমস সদস্যরা কালো ব্যাজ ধারন, কর্মবিরতি পালন করছে। হামলার সুষ্ঠু বিচার না হলে দেশজুড়ে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
বেনাপোল কাস্টমস অফিসার এসোসিয়েশনের সাধারন সম্পাদক মোস্তফা আব্দুল্লাহ আল মামুন বলেন, কাস্টমস অফিসারদের ওপর হামলার ঘটনায় জড়িত পুলিশের অপসারন করা না হলে লাগাতার কর্মসুচি দেয়া হবে। তাদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষনা করেছেন বিসিএস কাস্টমস এন্ড ভ্যাট এ্যাসোসিয়েশন, বাংলাদেশে কাস্টমস এক্স্রসাইজ এন্ড ভ্যাট অফিসার্স এ্যাসোসিয়েশন, বাংলাদেশ কাস্টমস এক্সসাইজ এন্ড ভ্যাট তৃতীয় শ্রেনী নির্বাহী কর্মচারী সমিতি বলে জানান তিনি। মানববন্ধনে উপস্থিত ছিলেন, বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার সাঈদ আহম্মেদ রুবেল, খুলনা-যশোর-বেনাপোল কাস্টমস অফিসার এ্যাসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম বাঙালী, সাধারণ সম্পাদক মোস্তফা আব্দুল্লাহ আল মামুনসহ বেনাপোল কাস্টমস হাউজের প্রায় তিন শতাধিক কর্মকর্তা-কর্মচারী। পরে বেনাপোল কাস্টম হাউসের ডেপুটি কমিশনার সাঈদ আহম্মেদ রুবেল ন্যায় বিচারের আশ্বাস দিলে কাস্টম কর্মকর্তারা তাদের কর্মসুচি সাময়িক ভাবে প্রত্যাহার করে নেন।
উল্লেখ্য বেনাপোল আন্তর্জাতিক চেকপোষ্ট কাস্টম স-ইমিগ্রেশন ভবনে গত ২০ ডিসেম্বর সন্ধ্যায় ভারত থেকে আসা ২ জন পাসপোর্টযাত্রীর ব্যাগেজ তল্লাশির ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও কাস্টমস কমকর্তাদের মধ্যে ভুল বুঝাবুঝিকে কেন্দ্র করে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে ৫ কাস্টমস কর্মকর্তা আহত হয়।