সিলেট যাচ্ছেন খালেদা জিয়া
ডিটেকটিভ নিউজ ডেস্ক

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণার আগে সিলেটের হজরত শাহজালাল (র.) ও হজরত শাহ পরানের (র.) মাজার জিয়ারত করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এ লক্ষ্যে আগামীকাল সোমবার দুদিনের সফরে সিলেট যাবেন বিএনপির প্রধান।
গতকাল শনিবার দুপুরে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামন সেলিম সাংবাদিকদের জানান, সোমবার সকাল ১০টায় রাজধানীর গুলশান থেকে সড়ক পথে সিলেটের উদ্দেশে রওনা দেবেন খালেদা জিয়া। সিলেট পৌঁছে বিকেল সাড়ে ৪টায় হজরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করবেন তিনি। এরপর সেখান থেকে বিকেল সাড়ে ৫টা নাগাদ যাবেন হজরত শাহ পরান (র.)-এর মাজার জিয়ারত করতে।
দুটি মাজার জিয়ারত করার পর সেদিন রাতে সিলেটেই থাকবেন তিনি। পরের দিন তাঁর ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে। তবে যেটুকু সময় খালেদা জিয়া সিলেটে থাকবেন সেই সময়ের মধ্যে একটি জনসভার আয়োজন করতে প্রশাসনের অনুমতির চেষ্টা করা হচ্ছে বলেন জানান বদরুজ্জামান সেলিম। এ নিয়ে গতকাল শনিবার সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক ছিল বলে জানান তিনি। বিএনপির এই নেতা বলেন, পুলিশের পক্ষ থেকে সমাবেশের অনুমতি পাওয়া গেলে ৫ বা ৬ ফেব্রুয়ারি জনসভার আয়াজন করা হবে। তবে বিএনপি চেয়ারপারসনের এই সফরের বিস্তারিত কর্মসূচি জানাতে আজ রোববার সংবাদ সম্মেলন করা হবে বলে জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন। আগামী ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ের দিন ধার্য রয়েছে। রাজধানীর পুরান ঢাকার বকশিবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামানের আদালত এই রায় ঘোষণা করবেন।