মাহমুদউল্লাহকে নিয়ে বিশ্বকাপের আগে সংশয়
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
নিউজিল্যান্ডে টেস্ট সিরিজে ফিল্ডিং করতে কাঁধে চোট পেয়েছিলেন মাহমুদউল্লাহ। সেই চোটে দুই সপ্তাহের জন্য বিশ্রামে যেতে হচ্ছে তাকে। তাতে এরইমধ্যে প্রশ্ন উঠেছে, মাহমুদউল্লাহ বিশ্বকাপে খেলতে পারবেন তো? যদিও এখনই এই বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি নন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
মঙ্গলবার সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘মাহমুদউল্লাহ বিশ্বকাপ খেলতে পারবে কিনা, এটা অনেক পরের কথা। কেননা বিশ্বকাপ শুরু হতে এখনও অনেকদিন বাকি। তার আগে আমাদের ভাবা উচিত সে আয়ারল্যান্ড সিরিজটি খেলতে পারবে কিনা। তবে সেটাও এখনই বলা যাচ্ছে না। আমরা তাকে দুই সপ্তাহের পূর্ণ বিশ্রাম দিয়েছি। এর মধ্যে সে ব্যাটিংও করতে পারবে না। তবে এরকম ইনজুরি নিয়ে অনেকেই ক্রিকেট খেলছে।’
এই সময়ে বিসিবির মেডিক্যাল টিম সার্বিক অবস্থা পর্ববেক্ষণ করবে মাহমদুউল্লাহর। তার রিপোর্ট হাতে পেলেও এখনও আলোচনায় বসেনি মেডিক্যাল টিম। শিগগিরই রিপোর্টগুলো পর্যবেক্ষণ করার কথা জানালেন দেবাশীষ, ‘ওর রিপোর্ট আমরা গতকালই (সোমবার) হাতে পেয়েছি। কিন্তু এখনও সেটা নিয়ে বসতে পারিনি। খুব শিগগিরই বসব। ওর বিশ্রাম শেষে আমরা সার্বিক অবস্থা দেখব। তারপর টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের সঙ্গে আমাদের মিটিং হবে। এরপর সিদ্ধান্ত যা দেওয়ার নির্বাচকরাই দেবে।’
নিউজিল্যান্ড সফর শেষে বাংলাদেশ দলের অন্য সদস্যরা ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেললেও চোটের কারণে খেলতে পারছেন না মাহমুদউল্লাহ। শেখ জামালের জার্সি গায়ে সুপার লিগ থেকে খেলার কথা আছে তার। যদিও দেবাশীষ যেমন ইঙ্গিত দিয়ে রেখেছেন, তাতে মাহমুদউল্লাহর বিশ্বকাপ খেলা নিয়ে জন্ম নিয়েছে সংশয়।