ময়মনসিংহে বাড়িতে অস্ত্র বানানোর কারখানা, আটক ২
ডিটেকটিভ নিউজ ডেস্ক

ময়মনসিংহ শহরে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির সরঞ্জামসহ দুইজনকে আটক করেছে র্যাব। র্যাব ১৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শরিফুল ইসলাম জানান, গতকাল বুধবার ভোরে শহরের মিলনবাগে নাসিরাবাদ কলেজ মাঠ এলাকায় মইনউদ্দিন আহম্মেদের বাড়িতে এ অভিযান চালান তারা। আটকদের নাম সোহেল মিয়া (২২) ও আরমান (২৫) বলে জানালেও র্যাব তাদের বিস্তারিত পরিচয় জানায়নি। র্যাব কর্মকর্তা শরিফুল বলেন, আটকরা মইনউদ্দিনের বাড়ির একটি ঘর ভাড়া নিয়ে অস্ত্র তৈরি ও বিক্রি করছিলেন। গোপনে খবর পেয়ে র্যাব সদস্যরা সেখানে অভিযান চালান। একটি ঘরের চৌকির ওপর থেকে উদ্ধার করা হয়েছে চারটি পিস্তল, সাতটি গুলি, চারটি ম্যাগাজিন ও অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম। তবে ‘অস্ত্র তৈরি ও ব্যবসার হোতা’ বাড়ির মালিকের ছেলে নূরুদ্দিন পালিয়ে গেছে বলে তিনি জানান। জড়িত সবাইকে গ্রেফতারসহ আরও অস্ত্রের সন্ধানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলেও তিনি জানান।