নবাগত উত্তরার জয়
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
নুরুল হাসান সোহানের অধিনায়কোচিত ইনিংস আর ইলিয়াস সানির শেষের ঝড়ো ব্যাটিংয়েও রক্ষা হল না শেখ জামাল ধানম-ি ক্লাবের। রোমাঞ্চকর ম্যাচে তাদের হারিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরু করেছে নবাগত উত্তরা স্পোর্টিং ক্লাব।
এবারের আসরের উদ্বোধনী দিনে ৯ রানে জিতেছে উত্তরা। ২৫০ রানের লক্ষ্য তাড়ায় ৯ উইকেটে ২৪০ রানে থামে শেখ জামাল।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শুক্রবার টস হেরে ব্যাট করতে নেমে আনিসুল ইসলামের সঙ্গে ১১৩ উদ্বোধনী জুটিতে দলকে ভালো শুরু এনে দেন তানজিদ হাসান। ৭৫ বলে চারটি ছক্কা ও দুটি চারে ৬৪ রান করা অনূর্ধ্ব-১৯ দলের ওপেনারকে বিদায় করে দলকে ‘ব্রেক থ্রু’ এনে দেন তানবীর হায়দার।
এই লেগ স্পিনার পরে ফিরতি ক্যাচ নিয়ে বিদায় করেন ৪৭ রান আনিসুলকেও।
চতুর্থ উইকেটে সজীব হোসেনের সঙ্গে ৭১ রানের জুটি গড়ে ফিরে যান মিনহাজ খান। ৮৩ বলে চারটি চারে অপরাজিত ৬১ রানের ইনিংসে উত্তরাকে লড়াইয়ে সংগ্রহ এনে দেন সজীব।
রান তাড়ায় আবদুর রশিদের ছোবলে শুরুটা ভালো হয়নি শেখ জামালের। টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন এই তরুণ।
চতুর্থ উইকেটে নাসির হোসেনের সঙ্গে ৬১ রানের জুটিতে দলকে টানেন সোহান। সাবধানী ব্যাটিংয়ে ৭৮ বলে ৪৮ রান করা নাসিরকে ফিরিয়ে শেখ জামালের প্রতিরোধ ভাঙেন রাজা আলি দার। সোহান পরে জিয়াউর রহমানের সঙ্গে গড়েন ৪৭ রানের জুটি।
জয়ের জন্য শেষ ৬ ওভারে ৪৭ রান প্রয়োজন ছিল শেখ জামালের, হাতে ছিল ৫ উইকেট। সেই সমীকরণ মেলাতে পারেনি তারা। তিনটি করে ছক্কা-চারে ৬৫ বলে ৬৫ রান করা সোহানকে থামান নাহিদ হাসান। শেষের দিকে ২০ বলে ২৮ রানের আক্রমণাত্মক ইনিংসে দারুণ চেষ্টা করেন ইলিয়াস সানি। তবে দলের হার ঠেকাতে পারেননি তিনি।
৪৪ রানে তিন উইকেট নিয়ে উত্তরার জয়ে দারুণ অবদান রাখা রশিদ জেতেন ম্যাচ সেরার পুরস্কার।
সংক্ষিপ্ত স্কোর:
উত্তরা স্পোর্টিং ক্লাব: ৫০ ওভারে ২৪৯/৪ (তানজিদ ৬৪, আনিসুল ৪৭, সজীব ৬১*, রাজা ১৮, মিনহাজ ৩৮, মোহাইমিনুল ১৪*; শকিল ১/৪৪, শহিদুল ১/৪৭, নাসির ০/৩১, আফ্রিদি ০/৫৪, সানি ০/৫০, তানবীর ২/২২)
শেখ জামাল ধানম-ি ক্লাব: ৫০ ওভারে ২৪০/৯ (ইমতিয়াজ ৮, ফারদিন ৩৯, রাকিন ১১, নাসির ৪৮, সোহান ৬৫, তানবীর ১, জিয়া ২৭, সানি ২৮, শহিদুল ৬, শাকিল ১*, আফ্রিদি ০*; নাহিদ ২/৫০, রশিদ ৩/৪৪, সাজ্জাদ ০/৪৭, মোহাইমিনুল ০/৮, পায়েল ৩/৬৫, রাজা ১/২৪)
ফল: উত্তরা স্পোর্টিং ক্লাব ৯ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: আবদুর রশিদ