বরিশালে ইয়াবাসহ যুবলীগ নেতা আটক
ডিটেকটিভ নিউজ ডেস্ক

বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে ১৫০ পিচ ইয়াবাসহ এমদাদ হোসেন মৃধা (৪৫) নামের এক মাদক ব্যবসায়ী ও যুবলীগ নেতাকে আটক করেছে উজিরপুর মডেল থানা পুলিশ। গত শনিবার রাতে তাকে আটক করা হয়। আটককৃত এমদাদ হোসেন গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এবং ওই এলাকার মৃত আবদুল লতিফ মৃধার পুত্র। পুলিশ জানায়, গত শনিবার রাত সাড়ে সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই রেজাউল করিম রাজীব বামরাইল এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী এমদাদকে আটক করে। এ সময় পুলিশ তার দেহ তল্লাশী করে ১৫০ পিচ ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর গতকাল রোববার দুপুরে আটককৃত এমদাদ হোসেন মৃধাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। উজিরপুর মডেল থানার ওসি গোলাম সরোয়ার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গ্রেফতারকৃত এমদাদ দীর্ঘদিন থেকে ইয়াবা, ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। সে গৌরনদীসহ বিভিন্ন উপজেলায় ভ্রাম্যমান মাদক বিক্রেতা হিসেবেখ্যাত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।