বাংলাদেশের বোলাররা প্রস্তুতির সুযোগ পেলেন না
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
ব্যাটসম্যানদের ম্যাচ অনুশীলন ভালোই হয়েছে। কিন্তু সেই সুযোগ ততটা পেলেন না বাংলাদেশের বোলাররা। দুই দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনের বেশিরভাগ ভেসে গেছে বৃষ্টিতে।
লিংকনের বার্ট সাটক্লিফ ওভালে দ্বিতীয় দিনে খেলা হয়েছে কেবল ১২ ওভার। নিউ জিল্যান্ড একাদশ রান তুলেছে ৫৭, বাংলাদেশ উইকেট নিতে পেরেছে দুটি। ম্যাচের প্রথম দিনে বাংলাদেশ করেছিল ৪১১ রান।
বাংলাদেশ উইকেট পেয়েছিল দিনের প্রথম ওভারেই। মুস্তাফিজুর রহমানের বলে উইকেটের পেছনে লিটন দাসের হাতে ধরা পড়েন জ্যাকব বুলা।
আরেক ওপেনার অ্যান্ড্রু ফ্লেচার ছিলেন দারুণ আগ্রাসী। মূলত আবু জায়েদ চৌধুরীকে পেয়ে বসেন এই ব্যাটসম্যান। তার বোলিংয়েই রান তোলেন দ্রুতগতিতে। নিউ জিল্যান্ড একাদশের ফিফটি আসে ৫৫ বলে।
৭ চারে ৩২ বলে ৪৩ রান করা ফ্লেচারকে নিজের প্রথম ওভারে বোল্ড করে দেন ইবাদত হোসেন। বৃষ্টি হানা দেয় পরের ওভারেই। সেই ওভার শেষে আর শুরু হতে পারেনি খেলা।
বাংলাদেশ-নিউ জিল্যান্ড তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু বৃহস্পতিবার, হ্যামিল্টেন।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস : ৪১১
নিউ জিল্যান্ড একাদশ ১ম ইনিংস : ১২ ওভারে ৫৭/২ (ফ্লেচার ৪৩, বুলা ০, পপলি ১২*, ম্যাকক্লিউর ০*; মুস্তাফিজ ৫-২-৯-১, আবু জায়েদ ৩-০-৩৪-০, খালেদ ৩-০-৮-০, ইবাদত ১-০-৪-১)।