রুজেল আহমদ,সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জ সরকারি কলেজে আজ শনিবার মরমি সাধক হাসন রাজার জীবন ও কর্ম
নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হবে। হাসন রাজা মিউজিয়াম ট্রাস্ট ইউনেস্কো পার্টিসিপেশন প্রোগ্রামের আওতায় এই সেমিনারের আয়োজন করেছে। সকাল ১০টা সেমিনার শুরু হবে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক সচিব ও জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি ড. এ কে মুবিন। সেমিনারে অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন বাংলাদেশ ইউনেস্কো কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল মো. মনজুর হোসেইন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেজিস্টার, কপিরাইট জাফর রাজা চৌধুরী, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ ও সুনামগঞ্জের পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান। সেমিনারে হাসন রাজার জীবন ও কর্ম নিয়ে বিষয়ভিত্তিক বক্তব্য উপস্থাপন করবেন হাসন রাজা মিউজিয়াম ট্রাস্টের চেয়ারম্যান সামারীন দেওয়ান। বাংলার মরমি সাধনায় হাসন রাজার গান: বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক বিষয়ে বক্তব্য উপস্থাপন করবেন ড. জাহিদুল কবির। হাসন রাজা বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ বিষয়ে বক্তব্য উপস্থাপন করবেন ফারিহা বিনতে ফিরোজ। সেমিনারে স্বাগত বক্তব্য দেবেন হাসন রাজা মিউজিয়াম ট্রাস্টের সেক্রেটারি অ্যাডভোকেট ময়ল চক্রবর্তী রাজু। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
প্রাইভেট ডিটেকটিভ/০৮ ফেব্রুয়ারি ২০১৯/ইকবাল