ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

একদিনের ম্যাচ ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে বৃহস্পতিবার ভারতে যাচ্ছে মেয়েদের বাংলাদেশ ‘এ’ দল। ২৪ দিনের সফরে ভারত ‘এ’ দলের বিপক্ষে ৩টি একদিনের ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।
‘এ’ দলের মোড়কে সফরে যাচ্ছে আসলে বাংলাদেশের জাতীয় দলই। জাতীয় অধিনায়ক রুমানা আহমেদ নেতৃত্ব দেবেন এই দলকেও। আছেন সালমা খাতুন, জাহানারা আলমসহ অন্য জাতীয় ক্রিকেটাররা।
বৃহস্পতিবার বেঙ্গালুরুর উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশের মেয়েরা। মূল সিরিজ শুরুর আগে কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন দলের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ আগামি রোববার ও মঙ্গলবার।
একদিনের ম্যাচের সিরিজটি হবে কর্নাটকের শহর বেলগাউমে। ২, ৫ ও ৮ ডিসেম্বর হবে ম্যাচ তিনটি। কর্নাটকের আরেক শহর হুবলিতে হবে টি-টোয়েন্টি সিরিজ। ১২, ১৪ ও ১৬ ডিসেম্বর হবে ম্যাচ তিনটি।
১৭ ডিসেম্বর দেশে ফিরবে দল।
বাংলাদেশ ‘এ’ দল: রুমানা আহমেদ (অধিনায়ক), জাহানারা আলম, ফারজানা হক পিংকি, লতা ম-ল, সালমা খাতুন (সহ-অধিনায়ক), খাদিজা-তুল-কুবরা, ফাহিমা খাতুন, নিগার সুলতানা, পান্না ঘোষ, শায়লা শারমিন, নাহিদা আকতার, মুর্শিদা খাতুন হ্যাপি, সুরাইয়া আজমিন, শামিমা সুলতানা, লিলি রানি বিশ্বাস, সানজিদা ইসলাম (শুধু টি-টোয়েন্টি)।