রোচ-গ্যাব্রিয়েলের ছোবলে ইংল্যান্ড এলোমেলো
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
সবুজ ঘাসে ছাওয়া উইকেটে অসমান বাউন্স আর দুরকম গতি বেশ ভোগাল ইংল্যান্ডের ব্যাটসম্যানদের। সঙ্গে যোগ হলো কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েলের দারুণ বোলিং আর সফরকারীদের বাজে শট। দুয়ে মিলে অ্যান্টিগা টেস্টের প্রথম দিনই গুটিয়ে গেল ইংলিশদের প্রথম ইনিংস। সাবধানী ব্যাটিংয়ে দিনের বাকি সময়টা পার করে দিলেন দুই ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট ও জন ক্যাম্পবেল।
স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে প্রথম দিনের খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ বিনা উইকেটে ৩০ রান। বোলারদের জন্য বেশ সহায়তা আছে এমন পিচেও ২১ ওভার বোলিং করে কোনো উইকেট নিতে পারেননি সফরকারীরা।
৫৬ বল খেলে ১১ রানে ব্যাট করছেন ব্র্যাথওয়েট। একটি চারে ৭১ বলে ১৬ রানে খেলছেন অন্য ওপেনার ক্যাম্পবেল। ইংল্যান্ডকে ১৮৭ রানে থামিয়ে দেওয়া ওয়েস্ট ইন্ডিজ এখনও পিছিয়ে ১৫৭ রানে।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। ৯৩ রানের মধ্যে প্রথম ছয় ব্যাটসম্যানকে হারিয়ে ফেলে তারা।
রোচের চমৎকার এক ডেলিভারিতে স্লিপে ক্যাচ দিয়ে ফিরেন ররি বার্নস। ১৫তম বলে রানের খাতা খোলা জো ডেনলি অভিষেকে ফিরেন বাজে এক শটে। আলজারি জোসেফের অফ স্টাম্পের অনেক বাইরের সাদামাটা এক ডেলিভারিতে ধরা পড়েন শন ডাওরিচের গ্লাভসে। দুই ওপেনারের কেউ যেতে পারেননি দুই অঙ্কে।
একের পর এক সঙ্গী হারানো জনি বেয়ারস্টো চড়াও হন বোলারদের ওপর। দলের ৭১ রানের মধ্যে নিজের পঞ্চাশ ছুঁয়ে ফেলেন এই টপ অর্ডার ব্যাটসম্যান।
লেংথ থেকে আচমকা লাফানো এক জোসেফেরে আনপ্লেয়েবল ডেলিভারিতে বিদায় নেন অধিনায়ক জো রুট। জেসন হোল্ডারের বাড়তি বাউন্স ঠিক মতো সামলাতে না পেরে স্লিপে ক্যাচ দেন জস বাটলার।
লাঞ্চ থেকে ফেরার পরপরই বেয়ারস্টো ও বেন স্টোকসকে হারায় ইংল্যান্ড। রোচের বলে এলবিডব্লিউ হয়ে ফেরা বেয়ারস্টোর ৬৪ বলে খেলা ৫২ রানের ইনিংস গড়া ৯ চার ও এক ছক্কায়। দুই অঙ্কে গিয়েই গ্যাব্রিয়েলের বলে কট বিহাইন্ড হয়ে যান স্টোকস।
এরপরই নিজেদের সেরা জুটি পেয়ে যায় ইংল্যান্ড। দুই মেজাজের ব্যাটিংয়ে ৮৫ রানের জুটি গড়েন মইন আলি ও বেন ফোকস। একবার হেলমেটে আঘাত পাওয়া মইন খেলেন ঝুঁকি নিয়ে। অনেকবার একটুর জন্য ব্যাটের কানা নেয়নি বল। ভুগেছেন টাইমিং করতে।
চা-বিরতির পরপরই ফিরে যান মইন। লেংথ থেকে রোচের লাফিয়ে উঠা বলে ধরা পড়েন গ্যাব্রিয়েলের হাতে। ১০৪ বলে খেলা মইনের ৬০ রানের ইনিংস সাজানো ৮ চার ও এক ছক্কায়।
তার বিদায়ের পরপরই ফিরে যান ফোকস। আস্থার সঙ্গে খেলা কিপার ব্যাটসম্যান লেগ স্টাম্পের বাইরের বল ঠিক মতো খেলতে পারেননি। তার গ্লাভস ছুঁয়ে, শরীরে লেগে বল আঘাত হানে স্টাম্পে। এরপর বেশি দূর এগোয়নি সফরকারীদের ইনিংস। ইংল্যান্ড শেষ ৪ উইকেট হারায় ৯ রানে।
ছন্দে থাকা পেসার রোচ ৪ উইকেট নেন ৩০ রানে। গতিময় পেসার গ্যাব্রিয়েল ৩ উইকেট নেন ৪৫ রানে।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড ১ম ইনিংস: ৬১ ওভারে ১৮৭ (বার্নস ৪, ডেনলি ৬, বেয়ারস্টো ৫২, রুট ৭, বাটলার ১, স্টোকস ১৪, মইন ৬০, ফোকস ৩৫, কারান ৬, ব্রড ০*, অ্যান্ডারসন ১; রোচ ৪/৩০, গ্যাব্রিয়েল ৩/৪৫, জোসেফ ২/৩৮, হোল্ডার ১/৪৩, চেইস ০/৩১)
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ২১ ওভারে ৩০/০ (ব্র্যাথওয়েট ১১*, ক্যাম্পবেল ১৬*; অ্যান্ডারসন ০/১০, ব্রড ০/১০, স্টোকস ০/৫, কারান ০/৩)