মুশফিকের ঠাট্টা উইকেটকিপিং নিয়ে!
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
ব্যাটসম্যান-উইকেটকিপার নাকি উইকেটকিপার-ব্যাটসম্যান? মুশফিকুর রহিমের পরিচয় একটু গোলমেলে। ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটকিপিং দারুণ উপভোগ করেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে জাতীয় দলে উইকেটকিপারের গ্লাভস হাতে নিয়মিত নন। এবারের বিপিএলে তো একটা ম্যাচেও উইকেটের পেছনে দাঁড়াননি। এ নিয়ে প্রশ্ন ওঠায় ঠাট্টাই করলেন মুশফিক।
২০ ওভারের ক্রিকেটে ফিল্ডিং খুবই গুরুত্বপূর্ণ। তবে চিটাগং ভাইকিংসের কয়েকজন ক্রিকেটারের ফিল্ডিং তেমন ভালো নয়। তাদের মধ্যে অন্যতম আফগানিস্তানের মোহাম্মদ শেহজাদ। দলের স্বার্থে স্থুলকায় শেহজাদের হাতে কিপিং গ্লাভস তুলে দিয়ে মুশফিক কখনও লং-অনে, কখনও বা থার্ড ম্যানে ফিল্ডিং করছেন।
এ বিষয়ে ভাইকিংস অধিনায়ক ঠাট্টার ছলে বলেছেন, ‘আমাদের টিমের যে ভদ্রলোক (শেহজাদ) এখন কিপিং করছেন, তার স্বাস্থ্য দেখলেই বুঝবেন ব্যাপারটা! তাকে ফিল্ডিংয়ের সময় কোথায় রাখতে হবে সেই সিদ্ধান্ত নেওয়া আমার জন্য খুবই কঠিন। সে অবশ্য কিপিংয়ে খারাপ করছে না।’
কিপিং ছেড়ে দিলেও মুশফিকের ব্যাটে রীতিমতো রানের বন্যা। শুক্রবার পর্যন্ত ৮ ম্যাচে ২৯৯ রান নিয়ে তিনি টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। নিজের পারফরম্যান্স নিয়ে মুশফিকের মূল্যায়ন, ‘১০ রান করি বা ৭০ রান, আমার লক্ষ্য দলকে জয় এনে দেওয়া। সব সময়ই দলের জন্য রান করতে চাই। আর তাই পরিস্থিতি অনুযায়ী ব্যাট করার চেষ্টা করি।’