ইতিহাস গড়া ডাবল সেঞ্চুরি হোল্ডারের
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
৭৭ রানেই শেষ ইংল্যান্ড, উইকেট ব্যাটসম্যানদের বধ্যভূমি? জেসন হোল্ডার দেখালেন অন্য ছবি। আট নম্বরে নেমে অসাধারণ এক ডাবল সেঞ্চুরিতে ক্যারিবিয়ান অধিনায়ক নাম লেখালেন রেকর্ড বইয়ে। আরেক সেঞ্চুরিয়ান শেন ডাওরিচের সঙ্গে গড়লেন ম্যারাথান জুটি।
ইতিহাসের মাত্র তৃতীয় ক্রিকেটার হিসেবে আট নম্বরে নেমে ডাবল সেঞ্চুরি করেছেন হোল্ডার। ডাওিরচের সঙ্গে তার তিনশ ছোঁয়া জুটিতে বারবাডোজ টেস্টে ইংল্যান্ডের সামনে রানের পাহাড় টপকানোর চ্যালেঞ্জ দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে ক্যারিবিয়ানরা ৬ উইকেটে ৪১৫ রানে। ৬২৮ রানের লক্ষ্যে নেমে ইংলিশরা শুক্রবার তৃতীয় দিন শেষ করেছে বিনা উইকেটে ৫৬ রানে।
ম্যাচের দ্বিতীয় দিনে দুই দল মিলিয়ে উইকেট পড়েছিল ১৮টি। তৃতীয় দিনে উইকেট পড়েনি একটিও, রান উঠেছে ৩৪৪!
দল ১২০ রানে ৬ উইকেট হারানোর পর জুটি বেধেছিলেন হোল্ডার ও ডাওরিচ। বারবাডোজের দুই ক্রিকেটার, বয়সভিত্তিক ক্রিকেটে একসঙ্গে বেড়ে ওঠা দুজন, বয়সের ব্যবধানও যাদের মাত্র ৬ দিন, সেই হোল্ডার ও ডাওরিচ গড়েছেন অভাবনীয় এক জুটি। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে এসেছে ২৯৫ রান। সপ্তম উইকেটে যা সর্বকালের তৃতীয় সর্বোচ্চ।
২৭ রানে দিনের শুরু করেছিলেন ডাওরিচ, ৭ রানে হোল্ডার। দিনের শুরুতে দুজনই ছিলেন বেশ সতর্ক। সময়ের সঙ্গে বেড়েছে ব্যাটের ধার। হোল্ডার ক্রমেই হয়ে ওঠেন আগ্রাসী ও অপ্রতিরোধ্য। তাকে থামানোর কোনো পথই পায়নি ইংলিশ বোলাররা।
৬০ বলে ফিফটি স্পর্শ করেছিলেন হোল্ডার। ৯৯ বলে ছুঁয়ে ফেলেন ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি।
দ্বিতীয় নতুন বল প্রাপ্য হতেই নিয়েছে ইংল্যান্ড। চেষ্টা করেছে পেস-স্পিন, নিয়মিত-অনিয়মিত সব বোলোর দিয়ে। ভাঙা যায়নি জুটি।
ডাওরিচ সেঞ্চুরি করেছেন ১৯৮ বলে। তারও এটি তৃতীয় সেঞ্চুরি। হোল্ডার ততক্ষণে পৌঁছে গেছেন ডাবল সেঞ্চুরির কাছাকাছি।
কিটন জেনিংসকে বাউন্ডারি মেরে কাক্সিক্ষত সেই মাইলফলকের দেখা পান হোল্ডার। ২২৯ বলে দুইশ করে গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড।
আটে নেমে ডাবল সেঞ্চুরিও ওয়েস্ট ইন্ডিজের হয়ে এই প্রথম। সব দেশ মিলিয়ে আটে নেমে ডাবল সেঞ্চুরির কীর্তি আগে ছিল কেবল দুই পাকিস্তানি ইমতিয়াজ আহমেদ ও ওয়াসিম আকরামের।
সপ্তম উইকেটে ৩৪৭ রানের বিশ্বরেকর্ড ছিল এই জুটির দৃষ্টিসীমায়। কিন্তু দুইশ ছুঁয়েই ইনিংস ঘোষণা করে দেন হোল্ডার। অবিচ্ছিন্ন ২৯৫ রানে থমকে যায় জুটি।
হোল্ডারের ২২৯ বলে ২০২ রানের অপরাজিত ইনিংসে চার ২৩টি, ছক্কা ৮টি। ডাওরিচ অপরাজিত ১১৬ করেছেন ২২৪ বলে, ১১ চার ও ১ ছক্কায়।
ম্যাচ বাঁচানোর প্রায় অসম্ভব লড়াইয়ের পেছনে ছুটে ইংল্যান্ডের দুই ওপেনার দলকে এনে দিয়েছেন ভালো শুরু। কিন্তু ম্যাচের বাকি আরও দুই দিন। লড়াই করতে হলেও ইংলিশদের করতে হবে অসাধারণ কিছু।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস ২৮৯
ইংল্যান্ড ১ম ইনিংস: ৭৭
ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: (আগের দিন ১২৭/৬) ১০৩.১ ওভারে ৪১৫/৬ (ডি.) (ডাওরিচ ১১৬*, হোল্ডার ২০২*; অ্যান্ডারস ০/৫৮, কারান ১/৬৯, মইন ৩/৭৮, স্টোকস ২/৮১, রশিদ ০/৬১, রুট ০/৩৭, জেনিংস ০/২৯)।
ইংল্যান্ড ২য় ইনিংস: (লক্ষ্য ৬২৮) ২০ ওভারে ৫৬/০ (বার্নস ৩৯*, জেনিংস ১১*; রোচ ০/১৬, গ্যাব্রিয়েল ০/১০, হোল্ডার ০/৯, চেইস ০/১০, জোসেফ ০/৬, ক্যাম্পবেল ০/১)।