স্মিথ পিএসএলেও নেই, বিকল্প রাসেল
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
চোট নিয়ে মাত্র দুই ম্যাচ খেলে বিপিএল থেকে বিদায় নিয়েছেন স্টিভেন স্মিথ। এমন চোটে নিষেধাজ্ঞা শেষে তার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার দিনক্ষণও এখন অজানা। তাই বিপিএলের পর এ বছরের পাকিস্তান সুপার লিগেও (পিএসএলে) খেলা হচ্ছে না তার। স্মিথের জায়গায় মুলতান সুলতানস দলে ভিড়িয়েছে আন্দ্রে রাসেলকে।
কনুইয়ের ইনজুরিতে ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকবেন স্মিথ। পুনর্বাসনসহ বেশ কিছু সময় বাইরে থাকার ফলে ১৪ ফ্রেব্রæয়ারি শুরু হতে যাওয়া টুর্নামেন্টে থাকা হচ্ছে না সাবেক অজি অধিনায়কের।
তার জায়গায় খেলতে আসা আন্দ্রে রাসেল আগে খেলেছেন দুইবারের চ্যাম্পিয়ন ইসলামাবাদের হয়ে। উদ্বোধনী আসরে সর্বোচ্চ উইকেট শিকারিও ছিলেন, ১০ ম্যাচে নিয়েছেন ১৬ উইকেট। গত নভেম্বরে প্লেয়ার ড্রাফটের আগে তাকে ছেড়ে দেয় এই ফ্র্যাঞ্চাইজি। ফলে স্মিথের অভাব পূরণে তাকে নিতে মনস্থির করেছে মুলতান সুলতান। এই দলে আন্দ্রে রাসেলের সঙ্গে খেলবেন দলটির অধিনায়ক শোয়েব মালিক ও শহিদ আফ্রিদি।
দলটি এছাড়াও দলে ভিড়িয়েছে জেমস ভিন্সকে। জো ডেনলির জায়গায় ফর্মে থাকা ভিন্সকে নিয়েছে মুলতান। যিনি বিগ ব্যাশে টানা দুই ফিফটি হাঁকিয়েছেন সিডনি সিক্সার্সের হয়ে।-ক্রিকবাজ।