মাদ্রিদে ইসকোর ভবিষ্যত আমার হাতে নেই: সোলারি
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
জানুয়ারিতে শীতকালীন দলবদলের বাজারে ইসকোর রিয়াল মাদ্রিদ ছেড়ে যাবার পথ খুলে দিয়েছেন কোচ সানতিয়াগো সোলারি। এ ব্যপারে তিনি বলেছেন ইসকোর দল ছেড়ে যাওয়ার বিষয়টি তার হাতে নেই, এটা সম্পূর্ণই ক্লাবের ব্যপার। কোচ হিসেবে এই মিডফিল্ডারকে দলে রাখার ব্যপারে তিনি কতটুকু আগ্রহী এই প্রশ্নের জবাবে সোলারি বলেছেন, ‘আমি শুধুমাত্র কোচ হিসেবে ক্লাবের দায়িত্ব পালন করছি।’
এদিকে জানুয়ারিতে ইসকোকে ছাড়তে রিয়াল মাদ্রিদ আগ্রহী নয় বলে জানা গেছে। বিশেষ করে যেখানে কোচ হিসেবে সোলারির ভবিষ্যতই এখনো নিশ্চিত নয় সেখানে ট্রান্সফার নিয়ে গুরুত্বপূর্ণ কোন সিদ্ধান্ত নিতে রিয়ালকে বেগ পেতে হচ্ছে। নভেম্বরে সোলারিকে ২০২১ পর্যন্ত রিয়ালের স্থায়ী কোচ হিসেবে নিয়োগ দেয়া হলেও বিষয়টি নিয়ে অনেকেই অনিশ্চিত। সোলারি মাদ্রিদে আসার পর থেকেই ইসকোকে প্রায়ই মূল একাদশের বাইরে দেখা গেছে। অথচ আগের কোচ জুলেন লোপেতেগুয়ের অধীনে ইসকো দারুণ সময় কাটিয়েছেন। এখনো সোলারির বিবেচনায় ইসকো মূল একাদশে জায়গা পাননি। এমনকি গত সপ্তাহে কোপা ডেল রে’র শেষ ১৬’র লড়াইয়ে লেগানেসের বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচটি পরিবর্তিত মাদ্রিদ দল খেলতে নামলেও সেখানে জায়গাই হয়নি এই স্প্যানিয়াডের্র। সোলারি বলেন, আমার দলটি চমৎকার। প্রতি ম্যাচে কারা খেলবে সেই সিদ্ধান্ত আমি নেই। সামপ্রতীক সময়ে মাদ্রিদের ইনজুরির তালিকা বেশ দীর্ঘ হওয়ায় দু:শ্চিন্তায় রয়েছে ক্লাব কর্তৃপক্ষ। গত সপ্তাহে রিয়াল বেটিসের বিপক্ষে লিগ ম্যাচে ডান হাতের কনিষ্ঠ আঙ্গুলে চিড় ধরায় দলের বাইরে চলে গেছেন করিম বেনজেমা। যদিও সেভিয়ার বিপক্ষে শনিবারের গুরুত্বপূর্ণ লিগ ম্যাচে এই ফ্রেঞ্চম্যানের ফিরে আসার আশা করছেন সোলারি। এদিকে ইনজুরি কাটিয়ে টনি ক্রুস, থিবাট কুর্তোয়া, মার্কো আসেনসিও, মার্কোস লোরেন্টে অনুশীলনে ফিরেছেন। তবে কাফ ইনজুরির সাথে এখনো লড়াই করে চলেছেন গ্যারেথ বেল। এই ওয়েলসম্যানের ইনজুরিতে দলের আক্রমনভাগের নেতৃত্ব দিচ্ছেন ১৮ বছর বয়সী তরুন ব্রাজিলিয়ান ভিনসিয়াস জুনিয়র।