মুমিনুলের ডাবল সেঞ্চুরি অল্পের জন্য হলো না
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরির আশা জাগিয়েও তার আগেই থেমেছিলেন রনি তালুকদার। দ্বিতীয় ইনিংসে ডাবল সেঞ্চুরির খুব কাছে গিয়ে থামলেন পূর্বাঞ্চলের অধিনায়ক মুমিনুল হক।
অনুমিত ড্র হয়েছে বিসিএলের চতুর্থ রাউন্ডে উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলের রান উৎসবের ম্যাচ।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে শুক্রবার ২ উইকেটে ৯০ রান নিয়ে চতুর্থ ও শেষ দিনের খেলা শুরু করা পূর্বাঞ্চল ৪ উইকেটে ৩৬২ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে।
আগের দিন শেষ বেলায় জুটি বাঁধা মুমিনুল হক ও মাহমুদুল হাসান এগিয়ে নেন দলকে। ১৪৯ বলে ৬ চারে ৮৩ রান করা মাহমুদুলকে থামিয়ে ২০৭ রানের জুটি ভাঙেন সানজামুল ইসলাম।
তৃতীয় দিন ৩০ বলে ৩২ রান তোলা মুমিনুল পরের দিন খেলে যান প্রায় একই ছন্দে। পঞ্চাশ স্পর্শ করেন ৫৫ বলে। রান তিন অঙ্কে যায় ১০৬ বলে। ১৫৩ বলে দেড়শ স্পর্শ করেন মুমিনুল। পরের পঞ্চাশের জন্য খেলছিলেন দ্রুত। তবে ডাবল সেঞ্চুরির আগেই তাকে থামান তানবীর হায়দার।
১৯০ বলে খেলা মুমিনুলের ১৯৪ রানের ইনিংসটি গড়া ২৩ চার ও তিন ছক্কায়। বাঁহাতি এই ব্যাটসম্যানের বিদায়ের সঙ্গে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে পূর্বাঞ্চল।
৪৫২ রানের বিশাল লক্ষ্য তাড়ার কোনো সুযোগ ছিল না উত্তরাঞ্চলের। দলটি ১ উইকেটে ১১৬ রান করার পর ড্র মেনে নেন দুই অধিনায়ক।
৪৬ বলে ৭ চারে ৫১ রানে অপরাজিত থাকেন জুনায়েদ। ২৮ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৫০ রান অপরাজিত থাকেন ফরহাদ হোসেন।
প্রথম ইনিংসের ১৮৫ রানের সুবাদে ম্যাচ সেরার পুরস্কার জেতেন রনি।
সংক্ষিপ্ত স্কোর:
পূর্বাঞ্চল ১ম ইনিংস: ৪৬৬
উত্তরাঞ্চল ১ম ইনিংস: ৩৭৭
পূর্বাঞ্চল ২য় ইনিংস: (আগের দিন শেষে ৯০/২) ৭৫.৩ ওভারে ৩৬২/৪ ইনিংস ঘোষণা (মুমিনুল ১৯৪, মাহমুদুল ৮৩, আশরাফুল ১৯; ইবাদত ০/৬১, সানজামুল ৩/১২২, সোহাগ ০/১১৯, ইমরান ০/১৬, নাঈম ০/৬, তানবীর ১/২৮)
উত্তরাঞ্চল ২য় ইনিংস: (লক্ষ্য ৪৫২) ১৬ ওভারে ১১৬ (জহুরুল ১৫, জুনায়েদ ৫১*, ফরহাদ ৫০*; তাইজুল ১/৩৩, মাহমুদুল ০/৩৩, এনামুল জুনিয়র ০/২৮, আশরাফুল ০/১৯, তাসামুল ০/৩)
ফল: ড্র
ম্যান অব দা ম্যাচ: রনি তালুকদার