শ্রীলঙ্কা বিশ্বকাপের আগে স্কটল্যান্ডে খেলবে
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
২০১৯ বিশ্বকাপে খেলার আগে প্রস্তুতি নিতে স্কটল্যান্ড সফর করবে শ্রীলঙ্কা। ৯ দিন আগে তারা সেখানে খেলবে দুটি ওয়ানডে। ম্যাচ দুটি হবে ১৮ ও ২১ মে। ভেন্যু দুটির নাম ডিসেম্বরে জানানো হবে।
এর আগে ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার আগেও স্কটল্যান্ডের সঙ্গে খেলেছে শ্রীলঙ্কা। সেবার দুটি ওয়ানডে খেললেও তা ছিলো আনঅফিসিয়াল। প্রথম ম্যাচে তো লঙ্কানদের সঙ্গে হাই স্কোরিং ম্যাচে অঘটনের জন্ম দেয় স্বাগতিকরা। যদিও পরের ম্যাচটি শ্রীলঙ্কা জিতে সিরিজ শেষ করে ১-১ সমতায়।
স্কটল্যান্ড অধিনায়ক কাইল কোয়েটজার অবশ্য দারুণ রোমাঞ্চিত টেস্ট সদস্য শ্রীলঙ্কার বিপক্ষে খেলার খবর শুনে। সারা বছর ম্যাচের সুযোগ না পাওয়া এই অধিনায়ক জানালেন, ‘পূর্ণ সদস্য দেশের বিপক্ষে ওয়ানডে খেলবো এই ভাবনায় আমরা রোমাঞ্চিত। গত বার ১-১ ড্র করেছি, এবার জেতাটা আমাদের জন্য চ্যালেঞ্জিং।’
তিনি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘ঘরের মাঠে সমর্থকদের সামনে ক্রিকেট খেলার মতো ভালো কিছু নেই। আর আমরা নিজেদের পারফরম্যান্সের উন্নতিতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আছি। আর ম্যাচগুলো জয়ের জন্য প্রস্তুতি নিবো।’
এই সিরিজের পর শুরু হবে বিশ্বকাপ। শ্রীলঙ্কার প্রথম ম্যাচ ৪ জুন আফগানিস্তানের বিপক্ষে।