ইসলামপুরে মুক্তিপণ চক্রের রাণী ইশিতাসহ ৪ সদস্য আটক
জামালপুর প্রতিনিধি

জামালপুরের ইসলামপুরে মুক্তিপণ আদায় চক্রের রাণী ইশরাত জাহান ইশিতা (২৬) সহ ওই চক্রের ৪ সদস্যকে আটক করেছে ইসলামপুর থানা পুলিশ। বুধবার রাতে ইসলামপুর ও মেলান্দহ থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, আটক ইশিতা তার স্বামী এমদাদুল ইসলাম রকি (৩০), মেলান্দহের আমবাড়িয়া গ্রামের আব্দুল্লাহেল জাকী (৩২) ও রাফিজাল ইসলাম রকি (৩৫) দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় গিয়ে চাকরি ও ব্যাংকের ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে লোকজনকে ডেকে এনে তাদের আটকে রেখে মুক্তিপন আদায় করে আসছিল। গত কয়েক দিন আগে ময়মনসিংহের অষ্টধার ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামের আলী আকবরের ছেলে নূর মোহাম্মদ শিবলীকে এবি ব্যাংক ও এডিপি ব্যাংক থেকে ১০ কোটি টাকা ঋণ করে দেওয়ার কথা বলে ইসলামপুরে ডেকে নিয়ে এসে বিভিন্ন স্থানে ৩ দিন আটকে রেখে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পুলিশ ঘটনার খবর পেয়ে পৌর এলাকার দরিয়াবাদের ভাড়া বাসায় অভিযান চালিয়ে ইশিতা ও স্বামী এমদাদুল ইসলাম রকিকে আটক করে অপহৃত নূর মোহাম্মদ শিবলীকে উদ্ধার করে। তাদের তথ্যের ভিত্তিতে বুধবার গভীররাতে এএসপি আবু সুফিয়ানের নেতৃত্বে মেলান্দহের আমবাড়ীয়া গ্রামে অভিযান চালিয়ে ওই চক্রের সদস্য আমবাড়ীয়া গ্রামের মোতালেবের ছেলে আব্দুল্লাহেল জাকী ও শামছুল হকের ছেলে রাফিয়াজল ইসলাম রকিকে আটক করা হয়। এ ঘটনায় থানায় একটি প্রতারণা ও মুক্তিপণ আইনে মামলা হয়েছে। এছাড়া পুলিশ মাদক ব্যবসায়ী আলী আকবর (৬০) ও সাজন বাশপুরা (২৫) নামের ২ ব্যক্তিকে আটক করেছে।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান খান জানান, ইশরাতের বিরুদ্ধে ময়মনসিংহ কোতয়ালী থানায় হত্যা মামলাসহ বিভিন্ন থানায় মুক্তিপণের একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার বিকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।