রাস্তায় সহিংসতা করে রায় ঠেকানো যাবে না: মেনন
ডিটেকটিভ নিউজ ডেস্ক

রাস্তায় সহিংসতা দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতির মামলার রায় ঠেকানো যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। গতকাল শুক্রবার চট্টগ্রাম জেলা শাখা ওয়ার্কার্স পার্টির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সহিংসতার ঘটনা ঘটলে ২০১৪ সালের মতো জনগণ তাদের কঠোরভাবে প্রতিহত করবে। আইন সাধারণ মানুষের জন্য, যা খালেদার জন্য একই মন্তব্য করে তিনি বলেন, বিহারের জনপ্রিয় কয়েক দফার মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব যদি দুর্নীতির জন্য জেলের ভাত খেতে পারেন, সম্প্রতি বিভিন্ন দেশের শাসকরা দুর্নীতির জন্য যদি সাজা খাটতে পারেন খালেদা জিয়ার ক্ষেত্রে তার ব্যতিক্রম হবে কেন? খালেদা জিয়া এতিমের হক মেরেছেন উল্লেখ করে মেনন সভায় বলেন, এ অপরাধ অত্যন্ত ন্যাক্কারজনক ও দৃষ্টিান্তমূলক শাস্তি দাবি করে। খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে বিএনপি-জামায়াত যদি কোনো অঘটন ঘটাতে চায় সে সম্পর্কে দলের নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি কমরেড আবু হানিফের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ চৌহানের সঞ্চালনায় নগরীর দোস্ত বিল্ডিংয়ের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য নুরুল ইসলাম, ইন্দ্র কুমার নাথ, মোক্তার আহম্মদ, দিদারুল আলম চৌধুরী, যুব মৈত্রী চট্টগ্রাম জেলার সভাপতি কায়সার আলম প্রমুখ।