বিদেশের বাজারে রপ্তানীযোগ্য করে তুলতে দিনাজপুরের নবাবগঞ্জে দিনব্যাপী মৎস্য খামারীদের প্রশিক্ষণ
মোঃ জুলহাজুল কবীর নবাবগঞ্জ,দিনাজপুর

বুধবার সকালে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলার ২০ জন সফল মৎস্য চাষীকে নিয়ে দিনব্যাপী গুড একুয়া কালচার প্রাকটিস্ এন্ড ফুড সেফ্টি বিষয়ক কর্মশালা অনুষ্টিত হয়েছে। ওই কর্মশালায় প্রশিক্ষক ছিলেন দিনাজপুর জেলা মৎস্য অধিদপ্তরের সহকারি পরিচালক কাজী আবেদ লতিফ। উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম জানান, বিদেশে মাছ রপ্তানি করতে ও খামারীদের উৎপাদিত মাছ গুনাগুন সম্পন্ন ও আধুনিক প্রযুক্তিতে বিস্তরসহ বিপণন করতে এ প্রশিক্ষনের আয়োজন। উপজেলার ৯নং কুশদহ ইউনিয়নের কাজীপাড়া গ্রামের সফল মৎস্য চাষী মো. জামিনুর রহমান জানান, সে প্রতিবছর ছোট বড় ৪০টি পুকুরে দেশী প্রজাতির মাছ চাষ করে থাকেন। খামারের উৎপাদিত মাছগুলো আধুনিক প্রযুক্তি ও মান সম্মত ফিড খাওয়ালে মাছের রঙ ও স্বাদ বৃদ্ধি পাবে। যার কারণে স্থানীয় বাজার সহ বিদেশে রপ্তানি করা সম্ভব হবে। অপর মৎস্য চাষী দাউদপুর-হালুয়াঘাট গ্রামের হযরত আলী, ছোট মহেশপুর গ্রামের রাশেদ বিপ্লবসহ অনেক মৎস্য চাষী জানায়, সনাতন পদ্ধতিতে মাছ চাষ করায় বাজারে কাঙ্খিত মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন তারা। এর কারণে মৎস্য চাষী ও খামারীরা মাছ চাষে আগ্রহ হারাচ্ছে। প্রশিক্ষনে অংশ নেওয়া খামারীরা জানান, এ ধরনের প্রশিক্ষন উন্নত মাছ চাষে সহায়ক ভূমিকা পালন করবে। উপজেলার বিভিন্ন এলাকার পেশাজীবি মাছ চাষী অভিযোগ করে জানান,আমরা নিজ উদ্যোগে যখন মাছ চাষ শুরু করেছি তখন সরকারের পক্ষ থেকে কোন সুযোগ সুবিধা পাইনি। এখন আমরা জানতে পারছি বাংলাদেশ সরকার মাছ চাষীদের উন্নয়নের জন্য নানা রকম সুযোগ সুবিধার ব্যবস্থা করেছেন,এখনো এই সুবিধা পেতে হয়ত কিছু সময় লাগতে পারে,জানালেন নবাবগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা।