প্রাইভেট ডিটেকটিভ ডেস্কঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নজরুল ইসলাম নামে এক ‘ডাকাত’ নিহত হয়েছেন। এসময় পুলিশ একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ভোরে উপজেলার বারদী ইউনিয়নের ফুলদী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ‘ডাকাত’ নজরুল ইসলাম উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকার সিরাজ মিয়ার ছেলে।
সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল জব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে উপজেলার বারদী ফুলদী এলাকায় পুলিশের একটি টিম টহল দিচ্ছিল। তখন ১৫/২০ জনের একটি ডাকাতদলকে দেখে সন্দেহ হলে তাদের গতিরোধের চেষ্টা করা হয়। তখন ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এরপর পুলিশ পাল্টা গুলি করতে থাকে। ডাকাত আর পুলিশের গোলাগুলিতে নজরুল ইসলাম নামে এক ডাকাত ঘটনাস্থলে মারা যায়। আর অন্য ডাকাতরা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, রাম দা চাপাতি উদ্ধার করা হয়। লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।