আব্দুল্লাহ আল মামুন, বিশেষ প্রতিনিধি:
আনুমানিক ৫১ লক্ষ ১ হাজার ৫ শত টাকা মূল্যের ১৭ হাজার ৫ পিস ইয়াবা (মাদক) ট্যাবলেটসহ হোসনে আরা খাতুন (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। গতকাল (৩ আগষ্ট) মঙ্গলবার রাজধানীর পল্টন থানা এলাকা থেকে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাব-১০ এর অধিনায়ক এ্যাডিশনাল ডিআইজি. মাহ্ফুজুর রহমান।
গতকাল সন্ধ্যা সাড়ে ৭’টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মাহ্ফুজুর রহমান জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল আনুমানিক ১০’টা থেকে সাড়ে ১১’টা পর্যন্ত দেড়ঘন্টা ব্যাপী র্যাব-১০ এর একটি আভিযানিক দল পল্টন থানাধীন ২৬/২৭ কাকরাইলস্থ বেসিক ব্যাংকের শান্তিনগর শাখা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে উল্লেখিত পরিমাণ ইয়াবাসহ হোসনে আরা খাতুনকে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ২ টি মোবাইল ফোনও জব্দ করে র্যাবের ঐ আভিযানিক দল।
পেশাদার মাদক ব্যবসায়ী হোসনে আরা বেশ কিছুদিন যাবত রাজাধানীর শন্তিনগরসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে বলে জানা যায়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে একটি মাদক মামলা রুজু করা হয়েছে।