
যশোরের চৌগাছায় প্রেমিক যুগলের আত্মহত্যার ঘটনা ঘটেছে। চৌগাছা উপজেলার বল্লবপুর গ্রামের মোনতাজ আলীর মেয়ে আদুরি খাতুন ভালোবাসতো পাশের মাকাপুর গ্রামের আল আমিনকে। আল আমিন বিবাহিত। তার সন্তানও আছে। আর আদুরি বল্লবপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। এই অসম প্রেম মেনে নেয়নি আদুরির পরিবার। সেই দুঃখে আদুরি তো বটেই তার প্রেমিকও বিষপান করে।
ভাই সেকেন্দার আলী জানান, বোনের প্রেমের বিষয়টি জানার পর গত বৃহস্পতিবার তাকে বকাবকি করা হয়। পরদিন শুক্রবার সন্ধ্যায় বল্লবপুর স্কুলের মাঠে গিয়ে আদুরি ও আলআমিন বিষপান করে। গ্রামবাসী তাদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক শনিবার সকালে তাদের যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন। যশোরে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বেলা ১২টার দিকে আল আমীনের মৃত্যু হয়। ওইদিনই গভির রাতে আদুরিও পরপারে পাড়ি জমায়। স্থানীয় মেম্বার বল্লবপুর গ্রামের সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। চৌগাছা থানার ওসি খন্দকার শামিম উদ্দিন জানান, তিনিও এমনটি শুনেছেন।
লাশ দু’টির সুরতহাল তৈরি করেছেন এসআই অরুণকুমার। তিনি উল্লিখিতদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, গত মঙ্গলবার অভয়নগরের পল্লীতে একই রশিতে আত্মহত্যাকারী প্রেমিক-প্রেমিকার লাশ উদ্ধার হয়েছিল।