রংপুরে কথিত বন্দুকযুদ্ধে ডাকাত নিহত
ডিটেকটিভ নিউজ ডেস্ক

রংপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ডাকাতি মামলার আসামি নিহত হয়েছেন।
রংপুর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান সাইফ জানান, গত রোববার রাত সাড়ে ৩টায় শহরের ধর্মদাস এলাকার ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে। নিহত রজব আলী (৩৫) গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার দুর্গাপুরের প্রয়াত মজনু মিয়ার ছেলে। তার লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। পুলিশের বলছে, রজব আলী আন্তঃজেলা সড়ক ডাকাতদলের সর্দার। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ধান গবেষণা ইনস্টিটিউট এলাকার সড়কে ডাকাতির প্রস্তুতিকালে অভিযানে যায় পুলিশ। এ সময় ডাকাতরা পুলিশের দিকে গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান রজব। ঘটনাস্থল থেকে একটি দেশি পিস্তল, একটি রামদাসহ বেশকিছু দেশি অস্ত্র উদ্ধার করার জানিয়ে পুলিশ কর্মকর্তা সাইফ বলেন, রজবের বিরুদ্ধে মিঠাপুকুর, তারাগঞ্জ, পীরগঞ্জ, গাইবান্ধা, রাজশাহীতে বিভিন্ন থানায় সড়ক ডাকাতির অভিযোগে দশটি মামলা রয়েছে।