আমতলীতে কিশোরী অপহরণ ॥ অপহৃতার পরিবার অবরুদ্ধ
আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলী উপজেলার রাওঘা গ্রামের ১২ বছরের এক কিশোরী অপহরণ হয়েছে। একই গ্রামের শাহ আলম গাজীর বখাটে ছেলে জুয়েল গাজী অপহরণ করেছে বলে অভিযোগ অপহৃতার পরিবারের।
ঘটনা ঘটেছে বুধবার রাতে। প্রভাবশালী অপহরণকারীর পরিবারের লোকজন অপহৃতার বাবাসহ পরিবারের লোকজনকে তিন দিন ধরে বাড়িতে অবরুদ্ধ করে রেখেছে। অপহৃতার পরিবারের সদস্যরা জীবনের ভয়ে বাড়ি থেকে বের হয়ে মামলা করতে সাহস পাচ্ছে না। শনিবার পুলিশ খবর পেয়ে ঘটনার তদন্তে এলাকা পরিদর্শন করেছে।
জানা গেছে, উপজেলার রাওঘা গ্রামের প্রভাবশালী শাহ আলম গাজীর বখাটে ছেলে জুয়েল গাজী দীর্ঘদিন ধরে একই গ্রামের ১২ বছরের এক কিশোরীকে উত্ত্যক্ত করে আসছিল। বুধবার রাতে ওই কিশোরীর বাবা ও মা দিনমজুরের কাজে বাইরে ছিল। এ সুবাদে বখাটে জুয়েল কিশোরীকে অপহরণ করে নিয়ে যায়। কিশোরীর বাবা মা বাড়ীতে এসে তাকে (কিশোরী) দেখতে না পেয়ে স্থানীয় ইউপি সদস্য মোঃ ছিদ্দিকুর রহমানের কাছে ঘটনা জানায়।এতে ক্ষিপ্ত হয় বখাটে জুয়েলের পরিবার।
বৃহস্পতিবার সকালে অপহৃতার বাবা মামলা করার জন্য থানায় যাওয়ার খবর পেয়ে বখাটে জুয়েলের বাবা শাহ আলম গাজী ও চাচা রুহুল আমিন গাজী অপহৃতার বাবাকে বাড়িতে অবরুদ্ধ করে রাখে এবং মামলা করলে জীবননাশের হুমকি দেয়। তাদের ভয়ে অপহৃতার পরিবারের লোকজন গত কয়েক দিন ধরে বাড়ি থেকে বের হতে পারেনি। শনিবার পুলিশ এ খবর পেয়ে ঘটনা তদন্তে এলাকা পরিদর্শন করেছে।
কিশোরীর বাবা মুঠোফোনে জানান, শাহ আলম গাজীর ছেলে জুয়েল গাজী দীর্ঘদিন ধরে আমার কন্যাকে উত্ত্যক্ত করে আসছিল। এ ঘটনা জুয়েলের পরিবারকে জানালেও তারা কোন পদক্ষেপ নেয়নি। বুধবার আমি ও আমার স্ত্রীর দিন মজুরের কাজে যাই। বাড়িতে আসতে রাত হয়েছে।
এ ফাঁকে জুয়েল আমার কন্যাকে অপহরণ করে নিয়ে গেছে। তিনি আরো জানান এ ঘটনা স্থানীয় ইউপি সদস্যকে জানালে জুয়েলের পরিবার আমাকে জীবননাশের হুমকি দিয়ে বাড়িতে অবরুদ্ধ করে রাখে। গত কয়েক দিন ধরে আমি বাড়ি থেকে বের হতে পারছি না। আমি মামলা করলে আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে।
বখাটে জুয়েলের চাচা রুহুল আমিন গাজীর কাছে মুঠোফোনে (০১৭২৫৯৬১০৬৭) এ বিষয়ে জানতে চাইলে তিনি কোন জবাব না দিয়ে ফোন কেটে দেন।
আমতলী থানার ওসি মোঃ শহিদ উল্যাহ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, অপহৃতাকে উদ্ধারের চেষ্টা চলছে।