নারায়ণগঞ্জে ৭০ কেজি গাঁজাসহ যুবক আটক
ডিটেকটিভ নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী একটি গাঁজাবোঝাই পিকআপভ্যানসহ মোতাহের হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে গোপন খবরের ভিত্তিতে ওই সড়ক থেকে তাকে আটক করা হয়। মোতাহের হোসেন ওই পিকআপভ্যানের চালক। এ সময় গাঁজা বহনকারী পিকআপভ্যানটিও জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজা কুমিল্লা থেকে কাঁচপুর সেতু এলাকা হয়ে রাজধানীর বিমানবন্দর এলাকায় যাচ্ছিলো বলে জানিয়েছে পুলিশ। কাচঁপুর হাইওয়ে থানার ওসি কাইয়ুম আলী সরদার জানান, সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে (ঢাকা মেট্রো ন-১৮-১৭৮৯) গাড়িটি প্রথমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুরে থামানোর নির্দেশ দিলে ওই পিকআপ ভ্যানের চালক পুলিশের নির্দেশ অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ কাঁচপুর মোড়ে দায়িত্বে থাকা পুলিশের সদস্যদের অবগত করলে তারা মহাসড়কের মধ্যে একটি বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করে পিকআপ ভ্যানটি থামাতে সক্ষম হন। পরে ওই পিকআপভ্যান থেকে এক কেজি ওজনের আট বান্ডেল ও দুই কেজি ওজনের ৩১ বান্ডেলে মোট ৭০ কেজি গাঁজা উদ্ধার করে। আটককৃত চালক মোতাহের বরাত দিয়ে কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাইয়ুম আলী সরদার আরো জানান, জব্দ হওয়া পিকআপটি দিয়ে একই চালক গত ১৯ দিনে চারটি গাঁজার চালান পাচার করেছে বলে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এর আগে ৩ জানুয়ারি ঢাকা সিলেট মহাসড়কের গাউছিয়া এলাকা থেকে একই মডেলের একটি পিকআপভ্যানে তল্লাশি চালিয়ে ৬৩ বান্ডেল (৭০ কেজি) গাঁজা উদ্ধার করে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ।
ডাকাতের হামলায় নিহত ১: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতের হামলায় জাহিদুর রহমান শাহীন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। গতকাল বৃহস্পতিবার ভোরে মেঘনা টোলপ্লাজার সামনে এ ঘটনা ঘটে। নিহত জাহিদুরের বাড়ি টাঙ্গাইলের ভুয়াপুরে। আহতরা হলেন- সবুজ, অনিক ও রহিম মিয়া। আহতদের মধ্যে রহিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত রহিম জানান, রাতে মাইক্রোবাসে করে ঢাকা ফেরার সময় মেঘনা টোলপ্লাজার সামনে এলে একদল ডাকাত মাইক্রোবাসে হামলা চালায়। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে জাহিদুর গুরুতর আহত হন। পরে তাকে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তার মৃত্যু হয়। সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) এসএম ওবায়েদুল হক বলেন, আমরা খবর পেয়েছি লাশ গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আমাদের একজন উপপরিদর্শক (এসআই) যাচ্ছেন সেখানে।
হত্যা মামলার আসামি গ্রেফতার: নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে হত্যাসহ ছয় মামলার পলাতক আসামি সেলিম খাঁ ওরফে রুটি সেলিমকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ। সেলিম খাঁ পাগলার পূর্ব রসুলপুর এলাকার আমির হোসেনের ছেলে। গতকাল বৃহস্পতিবার ভোরে ফতুল্লার পাগলা রসুলপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ফতুল্লা মডেল থানার ওসি কামালউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লার পাগলা রসুলপুর এলাকা থেকে সেলিম খাঁনকে গ্রেফতার করা হয়। তিনি হত্যা, ছিনতাই ডাকাতিসহ ছয় মামলায় ওয়ারেন্ট আসামি। দীর্ঘ দিন যাবত তিনি পলাতক ছিলেন।
গাড়িচাপায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় গাড়িচাপায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার পূর্বাচল উপশহরের কাঞ্চন-কুড়িল বিশ্বরোডের পর্শি বৌরারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রূপগঞ্জ থানার এসআই আমিনুল হক জানান, সকালে পর্শি বৌরারটেক এলাকায় এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। তিনি আরো জানান, অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।