কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) থেকেঃ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের পুতন্তীপাড়ায় ৭ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সুমন মৃধা (২৪) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ।
আদালত সূত্রে জানা যায়, রুপাপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির এক ছাত্রী ১৬.০২.২০ রবিবার দুপুরে টিফিনের সময় বাড়ি ফেরার পথে পুতন্তীপাড়ায় ইটভাটার নিকট আসলে ওই ইউনিয়নের মেগাডাঙ্গা গ্রামের কালাম মৃধার ছেলে সুমন মৃধা ধর্ষণের উদ্দেশ্যে তাকে জাপটে ধরে। এ সময় মেয়েটির শোরচিৎকারে স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে বাড়িতে পৌছে দেয়। এ ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আদালত বসিয়ে সুমনকে ১৮৬০ এর ৫০৯ ধারা মোতাবেক ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ।
বোয়ালমারী থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, সুমনকে ফরিদপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রাইভেট ডিটেকটিভ/১৭ ফেব্রুয়ারী ২০২০/ইকবাল