কাশিমপুর কারাগারে পাকিস্তানি হাজতির মৃত্যু
ডিটেকটিভ নিউজ ডেস্ক

মাদক ও স্বর্ণ চোরাচালান মামলায় গ্রেপ্তারিএক পাকিস্তানি নাগরিক গাজীপুরের কাশিমপুর কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সুপার প্রশান্ত কুমার বণিক জানান, গত শুক্রবার মধ্য রাতে হাজতী মো. হারুনের (৫২) মৃত্যু হয়েছে। হারুন পাকিস্তানের করাচির মৃত আবদুর রহমানের ছেলে। প্রশান্ত বণিক জানান, মধ্যরাতে হারুন বুকে প্রচ- ব্যথা অনুভব করলে তাৎক্ষণিকভাবে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পরে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রশান্ত জানান, হারুন রাজধানীর বিমানবন্দর থানায় মাদক ও স্বর্ণচোরাচালান মামলায় ২০১৩ সালের ১৪ মার্চ গ্রেফতার হন। পরে আদালতের নির্দেশে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। পরে ২০১৪ সালের ১৪ ফেব্রুয়ারি কাশিমপুর হাই সিকিউরিট কারাগার এবং ২০১৬ সালের ৩ অক্টোবর সেখান থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ স্থানান্তিরিত করা হয়। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে পাঠানো হবে। সেখান থেকে আইনি প্রক্রিয়া সেরে লাশ তার দেশে পাঠানো হবে বলে জানান প্রশান্ত। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস বলেন, গত শুক্রবার রাত পৌনে ৩টার দিকে দিকে তাকে মৃত অবস্থায় এ হাসপাতালে আনা হয়েছিল।