কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের খরসূতী গ্রামে অবস্থিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবন্ধু ডিগ্রি কলেজকে সরকারিকরণ করা হয়েছে। এ বিষয়ে গত ১৪ জানুয়ারি মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরের পরিচালক-৭ মোহাম্মদ রফিকুল আলম স্বাক্ষরিত একটি চিঠি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে পাঠানো হয়। চিঠিতে নিশ্চিত করা হয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোয়ালমারীর বঙ্গবন্ধু ডিগ্রি কলেজসহ আরও ২৭টি বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারিকরণের জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।জানা যায়, খরসূতি বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ সরকারিকরণ হওয়ার সংবাদে কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীর মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। মিষ্টি মুখ করতে দেখা যায়। কলেজ পরিচালনা পর্ষদ, অধ্যক্ষ, শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা প্রতিষ্ঠাতা বীর মুক্তিযাদ্ধা সাবেক পদত্যাগী সংসদ সদস্য প্রয়াত মো. আব্দুর রউফ মিয়ার কবর জেয়ারত করে এবং সেখানে মরহুমের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। পরে কলেজ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন। উল্লেখ্য, ১৯৯৮ সালে কলেজটি প্রতিষ্ঠা করেন বীর মুক্তিযাদ্ধা সাবেক পদত্যাগী সংসদ সদস্য প্রয়াত মো. আব্দুর রউফ মিয়া। পরবর্তীতে ২০০৯ সালে কলেজটি এমপিও ভুক্ত করা হয়।
কলেজ সরকারি হওয়ার প্রতিক্রিয়ায় অধ্যক্ষ মো.সাদীন-উর-রহমান প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শোকরিয়া আদায় করে বলেন,‘‘আমরা অত্যন্ত আনন্দিত। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদরের দুলালী, বাঙ্গালীর আশ্রয়স্থল, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আমরা কৃতজ্ঞ।
কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমি আল্লাহ’র নিকট শোকরিয়া আদায় করি। বঙ্গবন্ধু কলেজ সরকারি হওয়ায় আমার পিতার আত্মা শান্তি পাবে। জাতির জনকের কন্যা, তাঁর রাজনৈতিক অভিভাবক জননেত্রী শেখ হাসিনার নিকট কৃতজ্ঞতা জানিয়ে কলেজের সুনামকে ধরে রাখা জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি আহবান জানান।
কলেজে অধ্যয়নরত প্রথম বর্ষ বিজ্ঞানের ছাত্রী আসফিয়া আমিন আদ্রতা বলেন, ‘‘কলেজ সরকারী হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই। ভাবতে ভালো লাগছে, আমরা সরকারি কলেজে অধ্যয়ন করছি। আমার সনদে সরকারি বঙ্গবন্ধু কলেজ লেখা থাকবে, যা আমাকে আন্দোলিত করছে।
প্রাইভেট ডিটেকটিভ/১৯ জানুয়ারি ২০২০/ইকবাল