কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) থেকে ঃ
ফরিদপুরের বোয়ালমারীতে ‘জানা প্রি-প্রাইমারি’র হতদরিদ্র, মেধাবী শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স ও দরিদ্র অভিভাবকদের মাঝে কম্বল বিতরণ করলেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ।
সমাজের হতদরিদ্র ও ছিন্নমূল শিশুদের নিয়ে কাজ করেন ‘জানা সমাজ কল্যাণ সংস্থা’। ৮ জানুয়ারি ২০২০ ইং তারিখ বুধবার সকালে উপজেলার ময়না ইউনিয়নের কেওয়াগ্রামে ‘জানা প্রি-প্রাইমারি’র ৫০জন মেধাবী শিক্ষার্থীর হাতে টিফিন বক্স ও ৩০জন দরিদ্র অভিভাবকের মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এসময় তিনি বলেন, শতভাগ শিশুকে স্কুলমুখী করার সরকারের প্রচেষ্টার পাশাপাশি ‘জানা সমাজ কল্যাণ সংস্থা’ সমাজের এসব বিত্তহীন পিছিয়ে পড়া জনগোষ্ঠির শিশুদের নিয়ে কাজ করছে যা প্রশংসার যোগ্য। এই শিশুদের পড়ালেখা চালাতে কোন প্রকার অসুবিধা হলে আমি ব্যক্তিগতভাবে সব ধরণের সহযোগিতা করবো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি কাজী হাসান ফিরোজ, শাহ্ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ লিয়াকত হোসেন, জানার বাংলাদেশের পরিচালক বিকাশ রঞ্জন বিশ্বাস, জয়ন্ত কুমার ভৌমিক, খান মোস্তাফিজুর রহমান সুমন প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, সাংবাদিক আমীর চারু বাবলু।
প্রাইভেট ডিটেকটিভ/০৮ জানুয়ারি ২০২০/ইকবাল