রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :
শিশু হত্যা চেষ্টার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী ও ভাষা সাহিত্য বিভাগের অধ্যাপক সৈয়দ আবু আব্দুল্লাহ্ মুর্তুজার বিরুদ্ধে আদালতে হাজির হওয়ার সমন জারী করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট শাহ মুখদম থানা আমলি আদালত মাহাবুবুর রহমান দন্ড বিধীর ৩২৩,৩০৭ ও ৫০৬ ধারায় আসামীর বিরুদ্ধে এ সমন জারি করেন।মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে গত ১১ই ডিসেম্বর দুপুর ২.৩০ টায় রাজশাহী মহানগরীর শাহ্ মুখদম থানার ডাঙ্গিপাড়া এলাকায় প্রতিবেশি সিরাজুল ইসলামের ৫ বছরের ভাতিজা আদনান অধ্যাপক সৈয়দ আবু আবদুল্লাহ মুর্তুজার বসত বাড়ীর কলিং বেল বাজালে মুর্তুজা বাড়ির ভেতর থেকে ক্ষিপ্ত হয়ে বাইরে বের হয়ে আসেন এবং পূর্ব শত্রুতার জের ধরে শিশু আদনানের বাম কানের উপর সজোরে থাপ্পড় মারেন। এতে গুরুতর আহত হয়ে আদনান রাস্তায় লুটিয়ে পড়ে। স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশু আদনানকে আক্রমনকারীর কাছ থেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩৩নং ওয়ার্ডে ভর্তি করেন। বিষয়টি শাহ মুখদুম থানাকে অবহিত করা হলে থানা কতৃপক্ষ আসামীর বিরুদ্ধে মামলা দায়ের না করে একটি জিডি এন্ট্রি করে পুরো ঘটনাটি ধামা চাপা দেওয়ার চেষ্টা করে। এ অবস্থায় শিশু আদনানের চাচা সিরাজুল ইসলাম গতকাল আদালতে মামলা দায়ের করলে আদালত মামলাটি গ্রহন করে আসামীর বিরুদ্ধে আগামী ২৬শে জানুয়ারী আদালতে হাজির হওয়ার সমন জারি করেন। বাদি পক্ষে মামলা পরিচালনা করেন রাজশাহীর বিশিষ্ট আইনজীবী এ্যাড. মুন্না সাহাসহ ১৫জন আইনজীবী।
প্রাইভেট ডিটেকটিভ/২৬ ডিসেম্বর ২০১৯/ইকবাল