বগুড়ায় ২০ হাজার ইয়াবাসহ আটক ৩
ডিটেকটিভ নিউজ ডেস্ক

বগুড়ার কাহালু উপজেলায় ২০ হাজার ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে; যাদের মাদক বিক্রেতা বলছে পুলিশ। উপজেলার মহেশপুর এলাকা থেকে গত সোমবার রাতে তাদের আটক করা হয়। বগুড়ার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান গতকাল মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। আটককৃতরা হলেন- বগুড়া সদরের শশীবদনী পূর্বপাড়ার আবদুস সাত্তার আকন্দের ছেলে মো. শহিদুল ইসলাম (২৭), তার স্ত্রী মুক্তা বেগম ওরফে খুকি (২২) ও ছোট ভাই কামরুল হাসান (১৯)। সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান বলেন, শহিদুল কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেট এনে বগুড়াসহ উত্তরাঞ্চলে বিক্রি করতো। বগুড়ার গোয়েন্দা পুলিশ তার উপর নজর রেখে কাহালুর আবদুর রশিদের বাড়ির পাশ থেকে ২০ হাজার ইয়াবাসহ তাদের আটক করে। আটককৃতদের বরাত দিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, শহিদুল বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে ইয়াবা ব্যাবসা করে আসছিল। একসময় একটি এনজিও পরিচালনা করতো সে।