ব্রাহ্মণবাড়িয়ায় অধ্যক্ষের ঝুলন্ত লাশ উদ্ধার
ডিটেকটিভ নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়া শহরে আবদুল মতিন আশরাফি (৩০) নামে এক অধ্যক্ষের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুর ১২টায় শহরের হালদারপাড়ার একটি ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। আব্দুল মতিন আশরাফি নবীনগর উপজেলার কৃনগর ইউনিয়নের আশরাফপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। তিনি শহরের পুরাতন জেল রোডে অবস্থিত লাইফ মেকার ইসলামিক কিডস ইসলামিক ইউনিভার্সিটির অধ্যক্ষ ছিলেন। নিহতের বড় ভাই আল-আমিন জানান, আশরাফি মাদরাসায় পড়া শেষ করে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে স্নাতক পাস করেন। প্রথমে তিনি সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বাসুদেব মাদ্রাসায় চাকরি করতেন। এরপর শহরের পুরাতন জেল রোডে অবস্থিত লাইফ মেকার ইসলামিক কিডস ইউনিভার্সিটিতে অধ্যক্ষের দায়িত্ব পালন করছিলেন। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি তদন্ত জিয়াউল হক জানান, সকালে আবদুল মতিন আশরাফির রুমে কোনো সাড়া না পেয়ে ওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মাতিন আহমেদ পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুমের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে। লাশটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পর জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা বলে জানান তিনি।