কুমিল্লায় কথিত বন্দুকযুদ্ধে নিহত ২
ডিটেকটিভ নিউজ ডেস্ক

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজনের মৃত্যু হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের ওসি মনজুর আলম জানান, গতকাল শনিবার ভোরের দিকে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের হাতিমারা এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে। নিহতরা হলেন – উপজেলার কুরুইন গ্রামের ফরিদ মিয়ার ছেলে ফারুক (২৪) ও ছেছড়াপুকুরিয়া গ্রামের আবদুর রহমানের ছেলে রাসেল (২৮)। ওসি মনজুর বলেন, রাতে ১০-১৫ জনের একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে অতিরিত্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালায়। ডাকাতদল পুলিশকে লক্ষ করে গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে ফারুক ও রাসেল আহত হন। পুলিশ তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় এসআই নজরুল ইসলামসহ পাঁচ পুলিশ আহত হয়েছে বলে তিনি জানান। নিহতদের বিষয়ে এসআই শাহ কামাল আকন্দ বলেন, তারা আন্তঃজেলা ডাকাতদলের সদস্য। গত ১৯ ডিসেম্বর রাতে সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. শাহ আলমের দেবিদ্বারের জাফরগঞ্জ গ্রামের বাড়িতে ডাকাতিতে নিহতরা অংশ নিয়েছিলেন। তারা শাহ আলমের ভাই জহিরুল ইসলামকে কুপিয়ে আহত করেছিলেন। এছাড়া এ দলটি আরও কয়েকটি ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত বলে তিনি জানান।